২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের ৫ জঙ্গিকে হত্যা করেছে তুরস্কের পুলিশ

তুরস্কের মধ্যাঞ্চলীয় শহর কোনিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) পাঁচ জঙ্গিকে হত্যা করেছে তুরস্কের পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jul 2017, 01:50 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

বুধবারের এ অভিযানে চার পুলিশ সদস্য সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে কোনিয়া প্রদেশের গভর্নর দপ্তর।

এ দিন ভোর সোয়া ৫টায় পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরা শহরের মেরাম এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করে। আইএসের একটি সেল এই বাড়িতে বসে হামলার পরিকল্পনা করছে খবর পেয়ে সেখানে যায় পুলিশের বিশেষ বাহিনী, জানিয়েছে বার্তা সংস্থা দোগান।

অভিযান শুরু হলে বাড়িটিতে অবস্থানরত জঙ্গিরা গুলি ছুড়ে পুলিশকে বাঁধা দেয়ার চেষ্টা করে। এ সময় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

বাড়িটি থেকে পাঁচটি কালাশনিকভ রাইফেল, একটি পিস্তল ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। নিহতের শনাক্ত করার কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা।  

অভিযানে নিহতরা আসছে জুলাইয়ের ১৫ তারিখে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের বার্ষিকীতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে ধারণা করা হচ্ছে। আইএস জঙ্গিরা বেশ কয়েকবার তুরস্কে প্রাণঘাতী বোমা ও বন্দুক হামলা চালিয়েছে।