‘সন্ত্রাসে অর্থায়নের’ বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্র-কাতার চুক্তি
যুক্তরাষ্ট্র ও কাতার ‘সন্ত্রাসে অর্থায়ন’ এর বিরুদ্ধে লড়তে একটি চুক্তি সই করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের দোহা সফরকালে দুপক্ষে এ চুক্তি হয়েছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি এবং টিলারসর মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একটি যৌথ সংবাদ সম্মেলনে এ চুক্তির কথা ঘোষণা করেন।
টিলারসন বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে এবং সন্ত্রাসবাদে তহবিল যোগানো আরও সক্রিয়ভাবে প্রতিহত করতে কাতারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে দুই দেশ মতঐক্যে পৌঁছেছে এবং এ বিষয়ে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্মারক সাক্ষর হয়েছে।”
“এটি ভবিষ্যৎ অগ্রগতির পথে একটি আশাব্যাঞ্জক পদক্ষেপ।”
কাতার চুক্তি সই করায় এবং সন্ত্রাসে অর্থ সরবরাহকারীদেরকে খুঁজে বের করাসহ অর্থের উৎস নিষ্ক্রিয় করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় দেশটির প্রশংসা করেছেন টিলারসন।
সন্ত্রাসবাদে মদদদাতা ঘোষণা করে গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মিশর ও বাহরাইন প্রতিবেশী কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে কাতারের এ সংকট সমাধানে আলোচনার জন্য চাপ দিতেই টিলারসন দোহা সফরে যান। তবে সেখানে সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে স্বাক্ষরিত চুক্তিটির সঙ্গে সাম্প্রতিক সংকট এবং কাতারে আরোপিত নিষেধাজ্ঞার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারই প্রথম এ স্মারক সাক্ষর করেছে। আমি কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সব দেশকেই আমাদের সঙ্গে এ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
কাতারের সঙ্গে সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার শর্ত হিসেবে গত ২৩ জুন সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন তাদের ১৩টি শর্তের একটি তালিকা পাঠায়।
আঞ্চলিক বিরোধ নিরসনে কুয়েত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
শর্ত পূরণের জন্য কাতারকে ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। পরে কুয়েতের অনুরোধে সময় আরও দুইদিন বাড়ানো হয়।
কিন্তু তাদের ‘বৈদেশিক নীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে’ বলে শর্ত মেনে নেওয়া হবে না জানিয়ে কাতার আলোচনার প্রস্তাব দেয়।
ওদিকে, রিয়াদ ও দোহার মধ্যে ২০১৩ সালে সাক্ষরিত একটি গোপন চুক্তির অধীনে সৌদি আরব নেতৃত্বাধীন চার দেশ চুক্তি লঙ্ঘন হয়েছে অভিযোগ তুলে কাতারের উপর চাপ বাড়াতে চাইছে।
এতদিন ওই চুক্তির অস্তিত্ব আছে বলে জানানো হলেও চুক্তির শর্ত সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি।
সোমবার সিএনএন এ সর্বপ্রথম ওই চুক্তির শর্তগুলো প্রকাশ করা হয়। পরে সৌদি আরব কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শর্তগুলো প্রকাশ করে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
