নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ থাকতে পারে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে থাকতে পারে বলে তিনি মনে করেন। তবে এটি কেউই নিশ্চিত করে বলতে পারবে না।
তিনি বলেন, “অন্য কোনও মানুষ বা দেশও এর পেছনে জড়িত থাকতে পারে। আসলে কেউই তা নিশ্চিত করে জানেনা।”
বৃহস্পতিবার পোল্যান্ড সফরকালে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি মনে করি রাশিয়ার হস্তক্ষেপ থাকার খুবই সম্ভাবনা আছে। কিন্তু আবার অন্য দেশগুলোরও হস্তক্ষেপ থাকার একইরকম সম্ভাবনা আছে বলে মনে হয়।”
একইসঙ্গে সংবাদ সম্প্রচারমাধ্যম সিএনএন এবং এনবিসি’র সমালোচনা করে ট্রাম্প বলেন, “আমার মনে হয় অনেক মানুষেরই হস্তক্ষেপ আছে।”
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো গতবছরের প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্টত রাশিয়ার হস্তক্ষেপ থাকার কথাই বলছে- এ বিষয়ে কি বলবেন জিজ্ঞেস করা হলে ট্রাম্প এটিকে ইরাকের হাতে গণবিধ্বংসী অস্ত্র থাকার সেই মিথ্যা অভিযোগ এবং তা থেকে যুদ্ধের সূচনার প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করেন।
তিনি বলেন, “আমি মনে করি রাশিয়ার হস্তক্ষেপ ছিল। কিন্তু আবার মনে করি অন্য মানুষ অন্য দেশও এতে জড়িত থাকতে পারে। রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপে জড়িত ছিল এ বিবৃতিতে আমি ভুল কিছু দেখছি না। আসলে নিশ্চিতভাবে কেউ কিছু জানে না।”
বিষয়টি ব্যাখ্যা করে বোঝাতে ইরাকের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমার মনে পড়ে আমি যখন ইরাকের হাতে গণবিধ্বংসী অস্ত্র থাকার কথা শুনেছিলাম, তখন সবাই কিভাবে এ ব্যাপারে ১শ’ভাগ নিশ্চিত ছিল। চিন্তা করুন কি হয়েছিল? বিষয়টি একটি বড় ধরনের গণ্ডগোল সৃষ্টি করেছিল। তারা ভুল কথা বলেছিল। আর এ থেকে বিরাট গন্ডগোল বেধেছিল।”
