২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে যুক্তরাষ্ট্র?

উত্তর কোরিয়া সর্বশেষ দূর পাল্লার ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র এ হুমকি ঠেকাতে সক্ষম হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 08:21 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদরদপ্তর পেণ্টাগন হুমকি ঠেকানোর ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও অন্য অনেকেই এ ব্যাপারে সন্দিহান।

গত মঙ্গলবার দেশের পশ্চিমাঞ্চল থেকে পরীক্ষামূলকভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ২৮০২ কিলোমিটার উচ্চতায় উঠে মাত্র ৩৯ মিনিটের মধ্যে ৯৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় গিয়ে পড়ে।

হোয়াসং-১৪ ক্ষেণাস্ত্রটি পৃথিবীর যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে উত্তর কোরিয়া।

ওদিকে, বিশেষজ্ঞদের ধারণা, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়া যে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে সেটি যুক্তরাষ্ট্রও নিশ্চিত করেছে।

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে যে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্রের হুমকি কিংবা তাদের একঝাঁক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কতটা সক্ষম?

বুধবারের সংবাদ ব্রিফিংয়ে পেণ্টাগনের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস বলেছেন, “উদীয়মান এমন ছোটখাট হুমকি ঠেকানোর ব্যাপারে আমাদের আস্থা আছে।”

মে মাসে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর কোরিয়ার আইসিবিএম ক্ষেপণাস্ত্রের একটি রেপ্লিকা ধ্বংসের সফল পরীক্ষা চালানো হয়েছে বলে উল্লেখ করেছেন ডেভিস। কিন্তু সেই পরীক্ষাটি পুরোপুরি নিখুঁত ছিল না বলেও স্বীকার করেছেন তিনি।

ডেভিস বলেন, “ওই উদ্যোগের মিশ্র ফল পেয়েছি আমরা। তবে আমাদের একাধিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র ছোড়ার সক্ষমতা আছে।”

তবে ডেভিস একথা বললেও মে মাসের ওই পরীক্ষাটির পর থেকে পেন্টাগন যে তলে তলে প্রতিরক্ষা সমক্ষমতা আরও বাড়ানোর জন্য কাজ করেছে তারও প্রমাণ পাওয়া গেছে একটি নথি থেকে।

আর বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে আছে যে, তারা এখন একটি কিংবা খুব বেশি হলে স্বল্পসংখ্যক ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করতে প্রস্তুত।

কিন্তু উত্তর কোরিয়া যেভাবে প্রযুক্তি এবং অস্ত্র উৎপাদনে এগিয়ে চলেছে তাতে করে যুক্তরাষ্ট্র এর সঙ্গে তাল মিলিয়ে না চললে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় ভাটা পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স এডভোকেসি এলায়েন্স এর স্থপতি রিকি এলিসন বলেছেন, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রকে তাদের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতার আরও বৃদ্ধি ঘটতে হবে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে তাদেরকে আরও বেশি ক্ষিপ্রগতিতে কাজ করতে হবে।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মিশ্র ফল:

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র উন্নয়ন, পরীক্ষা এবং এ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের দায়িত্বে নিয়োজিত ‘ইউএস মিসাইল ডিফেন্স এজেন্সি’র (এমডিএ) বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড মিশ্র ফলদায়ক হয়েছে।

এমডিএ’র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর নানারকম ব্যবহার আছে এবং এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল এবং ভূখন্ডকে সুরক্ষিত রাখে।

এর মধ্যে মাটি থেকে যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ‘মিডকোর্স ডিফেন্স সিস্টেম’ (জিএমডি) পরীক্ষায় মাত্র ৫৫ শতাংশের একটু বেশি সফলতা পেয়েছে।

অন্যদিকে, বিদেশে মোতায়েন যুক্তরাষ্ট্রের এজিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৮৩ শতাংশ সফলতা পেয়েছে।

এরপর আছে ‘টারমিনাল হাই আলটিটিউড এরিয়া ডিফেন্স’ বা থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ২০০৬ সাল থেকে ১৩ টি পরীক্ষায় এ ব্যবস্থার সফলতার হার একশত ভাগ বলে জানিয়েছে এমডিএ।

১৯৮০’র দশকে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় থেকে মার্কিন সরকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ২০ হাজার কোটি ডলারের বেশি ব্যয় করত। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এমডিএ’র গড় ব্যয় দাঁড়ায় ৮১২ কোটি ডলারে। আর বর্তমান প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ২০১৮ অর্থবছরের জন্য এ খাতে মাত্র ৭৮০ কোটি ডলারের আবেদন করেছেন।

আর এক বা দু’বছর:

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলোকে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার উপযোগী করে তুলতে আর মাত্র এক বা দুবছর সময় লাগতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

গত মাসে যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স এজেন্সির (এমডিএ) তৎকালীন পরিচালক ভাইস এডমিরাল জেস সাইরিং কংগ্রেস প্যানেলকে বলেছিলেন, ছয়মাসে উত্তর কোরিয়া যেভাবে অস্ত্র কর্মসূচিতে এগিয়েছে তাতে তিনি খুবই উদ্বিগ্ন হয়েছেন।

ওদিকে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ এবং উত্তর কোরিয়া পর্যবেক্ষণ প্রকল্প ৩৮ নর্থ এর কন্ট্রিবিউটর জন শিলিং বলেছেন, উত্তর কোরিয়া অকল্পনীয় দ্রুততায় ক্ষেপণাস্ত্র উন্নয়ন ঘটাচ্ছে।

তবে তিনি বলেন, “নির্ভুলভাবে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার ( বিশেষ করে যুদ্ধ পরিস্থিতিতে ছোড়া হলে) জন্য উত্তর কোরিয়ার হয়ত এ ক্ষেপণাস্ত্রগুলোর উন্নয়নে আর একবছর বা দু’বছর সময় লাগবে।”

অন্যদিকে, ‘ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক এক বিশেষজ্ঞ মাইকেল এলমান বলেছেন, “উত্তর কোরিয়ার এখনও নির্ভরযোগ্য আইসিবিএম তৈরিতে আরও কিছুটা সময় লাগলেও যুক্তরাষ্ট্র যে এর হুমকি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে তার কোনও নিশ্চয়তা নেই।”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষায় ১শ’ ভাগ সফলতার রেকর্ড গড়লেও এতে সুরক্ষা নিশ্চিত হওয়ার কোনও নিশ্চয়তা নেই।”