জাপানে ভারি বৃষ্টিপাতে নিখোঁজ ১১, বাস্তুচ্যুত চার লাখ
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে দেখা দেওয়া বন্যায় অন্তত ১১ জন নিখোঁজ ও চার লাখ মানুষ ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ওই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত আছে এবং ভূমিধসে চাপা পড়া তিনজনকে উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা ও গণমাধ্যম।
উদ্ধার করা তিনজনের মধ্যে দুই নারী গুরুতর আহত হয়েছেন এবং পুরুষটি মারা গেছেন বলে ধারণা করছেন উদ্ধারকারীরা।
যে ১১ জন নিখোঁজ রয়েছে তাদের মধ্যে একটি শিশু আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, বুধবার কিউশু দ্বীপের ফুকুওকা এলাকার কিছু অংশে নয় ঘ্ন্টায় ৭৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় দ্বিগুণেরও বেশি।
লোকজনকে সরিয়ে নেওয়া ও নিখোঁজদের উদ্ধারে পুলিশ, দমকল কর্মী ও সৈন্যসহ প্রায় সাত হাজার ৫০০ উদ্ধারকর্মীকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে পাঁচ হাজার সৈন্য ও ৫০টি হেলিকপ্টার মোতায়েন করা হবে।
ভারি বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুকোওকা ও ওইতা এলাকা। সড়ক পরিবহনে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে বলে খবর হয়নি, তবে টেলিভিশনের ফুটেজে বন্যার পানির তোড়ে একটি রেল লাইন ভেঙে বেঁকে যাওয়ার ও ধসে পড়া রাস্তার ফুটেজ দেখানো হয়েছে।
পরিস্থিতিজনিত কারণে ওইতায় অবস্থিত ডাইহাটসু মোটর কর্পোরেশনের কারখানার সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
