২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে টানা কাজ করে চিকিৎসকের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ঈদুল ফিতরের ছুটির মধ্যে কয়েকদিন ধরে একটানা ডিউটি করার এক পর্যায়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 10:36 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

মালয়েশিয়ার সিনচিউ ওয়েবসাইটের খবরে বলা হয়, রাজধানী জাকার্তার একটি হাসপাতালের ওই চিকিৎসক ঈদের ছুটির মধ্যে সহকর্মীদের ডিউটিও করে দিচ্ছিলেন। যে কারণে তাকে টানা কয়েকদিন বিরতিহীনভাবে কাজ করতে হয়।

“যে কারণে তার শরীরে প্রচণ্ড চাপ পড়ে এবং ২৬ জুন তিনি মারা যান।”

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দুর্ভাগ্যের শিকার ওই চিকিৎসকের নাম স্তেফানস তৌফিক। তিনি বিন্তারো জায়া হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন।

সহকর্মীদের ডিউটি করে দেওয়ার পাশপাশি তৌফিক পাশের দুইটি হাসপাতালেও সাহায্য করছিলেন বলে জানা গেছে।

গত ২৬ জুন বিন্তারো জায়া হাসপাতালের একটি ওয়ার্ডে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যায়। পরীক্ষার পর জানা যায়, অপর্যাপ্ত বিশ্রামের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

তৌফিকের এক বছর বয়সী একটি ছেলে আছে। অতিরিক্ত কাজের চাপে বিশ্রামের অভাবে মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফিলিপিন্সের একটি প্রখ্যাত বিজ্ঞাপন এবং জনসংযোগ কোম্পানির কর্মী মার্ক ডেভিড দেহেসা নিউমোনিয়া আক্রান্ত শরীর নিয়েই ওভারটাইম করার সময় মারা যান। ওই কোম্পানির আরও এক কর্মীর অতিরিক্ত কাজের কারণে পর্যাপ্ত বিশ্রামের অভাবে মৃত্যু হয়।

আর ২০১৩ সালে ইন্দোনেশিয়ায় ইয়ং অ্যান্ড রুবিকাম এর কপিরাইটার এক নারী টানা ৩০ ঘণ্টা কাজ করতে গিয়ে মারা যান।