২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমিরেটস ও তুর্কি ফ্লাইটে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্র রুটের ফ্লাইটে ল্যাপটপ বহনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 07:53 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

আমিরাতের এয়ারলাইন্সের পক্ষ থেকে বুধবার সকালে এক বিবৃতিতে বলা হয়, “দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী এমিরেটসের ফ্লাইটের কেবিনে ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে,  এটি অবিলম্বেই কার্যকর হচ্ছে।”

“বিষয়গুলো বুঝতে পেরে গত কয়েক মাস ধৈর্য্য ধারনের জন্য গ্রাহকদের ধন্যবাদ।”

দুবাই থেকে যুক্তরাষ্ট্রের ১২টি শহরে এমিরেটসের সরাসরি বিমান যাতায়াত আছে।

এ বছর মার্চে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ আটটি দেশের বিমানবন্দর থেকে আসা যাত্রীদের বিমানের কেবিনে মোবাইল থেকে বড় আকারের ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখন বলা হয়েছিল, ওই সব বিমানবন্দর থেকে আসা যাত্রীরা ট্যাবলেট, পোর্টেবল ডিভিডি প্লেয়ার, ল্যাপটপ, আইপ্যাড ও ক্যামেরার মতো বড় আকারের ইলেকট্রনিক ডিভাইস বিমানের মূল কেবিনে আনতে পারবেন না। সেগুলো ‘চেকড ব্যাগেজে’ দিতে হবে।

যুক্তরাজ্য থেকেও একই ঘোষণা দেওয়া হয়। এমিরেটসের পক্ষ থেকে বলা হয়, নতুন নিরাপত্তা আইন বাস্তবায়নে তারা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

তুরস্ক এয়ারলাইন্স কর্তৃপক্ষও এখন থেকে তাদের যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের উড়োজাহাজের কেবিনে ল্যাপটপ বহনের অনুমতি দিচ্ছে বলে জানিয়েছে।

টুইটারে তুর্কি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, “বুধবার থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনের অনুমতি দেওয়া হচ্ছে।”

বিবিসি জানায়, সর্বপ্রথম গত রোববার আবু ধাবি আন্তর্জাতিক বিমনবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের কেবিনে ল্যাপটপ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপের মাধ্যমে ইতিহাদ এয়ারওয়েজ যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে সন্তুষ্ট করার পরিপ্রেক্ষিতে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।