‘যুক্তরাজ্যে জঙ্গিবাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্পষ্ট’
সৌদি আরবকে যুক্তরাজ্যে ইসলামী জঙ্গিবাদের প্রধান বিদেশি সহায়তাকারী দেশ হিসেবে দাবি করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক এক থিঙ্কট্যাঙ্কের প্রতিবেদনে।
হেনরি জ্যাকসন সোসাইটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি অনুদানে চলা যুক্তরাজ্যের ইসলামী সংগঠনগুলোর সঙ্গে বিদ্বেষ ছড়ানো এবং সহিংস জিহাদি গোষ্ঠীগুলোর ‘স্পষ্ট ও ক্রমবর্ধমান’ সম্পর্ক আছে।
বিবিসি জানিয়েছে, পররাষ্ট্র নীতি বিষয়ক এই থিঙ্ক ট্যাঙ্ক সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়ে সৌদি আরব ও পারস্য উপসাগরীয় অন্যান্য রাষ্ট্রের সম্পৃক্ততার প্রকাশ্য তদন্তও দাবি করেছে ।
তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে লন্ডনের সৌদি আরব দূতাবাস; বলেছে, প্রতিবেদনের দাবিটি ‘পরিষ্কার মিথ্যা’।
হেনরি জ্যাকসন সোসাইটি এমন এক সময় এ প্রতিবেদন প্রকাশ করলো যখন প্রায় একই বিষয়ে যুক্তরাজ্য সরকারের একটি প্রতিবেদন নিয়েও ব্যাপক আলোচনা চলছে।
যুক্তরাজ্যে জঙ্গিবাদী সংগঠনগুলোর অস্তিত্ব ও প্রভাব নিয়ে ২০১৫ সালে তখনকার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ওই প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছিলেন।
প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর এখন তা প্রকাশ করা হবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
সমালোচকদের ধারণা, এই প্রতিবেদন যুক্তরাজ্য সরকারের সঙ্গে কূটনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে তাদের দীর্ঘদিনের মিত্র উপসাগরীয় আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরবের সম্পর্ককে অস্বস্তিকর করে তুলতে পারে।
বুধবার প্রকাশিত হেনরি জ্যাকসন সোসাইটির প্রতিবেদনে বেশ কয়েকটি উপসাগরীয় আরব দেশের পাশাপাশি ইরানকেও যুক্তরাজ্যের মসজিদ এবং ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোও উগ্রবাদী মতবাদ প্রচার ও বিস্তারে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে।
তবে জ্যাকসন সোসাইটির এ প্রতিবেদনে যুক্তরাজ্যে সন্ত্রাসবাদে মদতদাতার তালিকায় সৌদি আরবকেই শীর্ষে রাখা হয়েছে। এতে অনেকগুলো উদাহরণ যুক্ত করে করে বলা হয়েছে, সৌদি আরবের ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলো ‘অসহিষ্ণু ও উগ্রবাদী ওয়াহাবি মতবাদ’ রপ্তানিতে ব্যাপকভাবে জড়িত।
কিছু ক্ষেত্রে সৌদি আরবের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলো সরাসরি ওই দেশটি থেকেই পরিচালিত হয়অ বেশিরভাগ ক্ষেত্রে এসব অনুদানের মাধ্যমে যুক্তরাজ্যের ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিদেশি দাতাদের প্রভাব কেনে বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়।
