ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে হত্যাচেষ্টা নস্যাৎ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করেছে কর্তৃপক্ষ। হত্যা পরিকল্পনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
ফ্রান্সের জাতীয় দিবস ‘বাস্তিল ডে’তে (১৪ জুলাই) ম্যাক্রোঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছিল বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।
ষড়যন্ত্রে জড়িত সন্দেহে প্যারিসের কাছ থেকে ২৩ বছর বয়সী এক উগ্র ডানপন্থি ফরাসিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ম্যাক্রোঁকে হত্যার পাশাপাশি ওই যুবক কৃষ্ণাঙ্গ, আরব, ইহুদি ও সমকামীদেরও হত্যা করতে চেয়েছিল বলে পুলিশকে জানিয়েছে।
আরএমসি বেতার জানায়, পুলিশ ওই যুবকের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করতে যাওয়ার সময় সে পুলিশকে ছুরি দিয়ে ভয় দেখায়। তার গাড়ি তল্লাশি করে পাওয়া যায় আরও অস্ত্র।
বেকার এ যুবকটি মানসিক সমস্যাগ্রস্ত, তবে সে লক্ষ্যে অবিচল ছিল।
২০০২ সালে বাস্তিল দিবসের প্যারেড চলাকালে সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাককে গুলি করেছিল ম্যাক্সিম ব্রুনেরি নামের একজন। বলা হচ্ছে, তার জীবনীর সঙ্গে এ যুবকটির জীবনীর মিল পাওয়া গেছে।
