২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ইসরায়েল সফরে ভারতীয় প্রধানমন্ত্রী

ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে গেলেন নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 11:25 AM

Updated : 25 Jul 2022, 09:00 PM

মঙ্গলবার সকালে তিনি ইসরায়েলের পথে দেশত্যাগ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

বিকালে তার তেল আবিব পৌঁছনোর খব জানিয়ে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে দুই দেশের মধ্যে সামরিক ও সাইবার নিরাপত্তা বিষয়ক চুক্তি সই হবে বলে ধারণা করা হচ্ছে।

মোদীর এ সফরকে ভারতের পররাষ্ট্র নীতির ‘বদল’ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

গত ২৫ বছর ধরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকলেও দেশের বিরাট মুসলিম জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে ভারত সবসময় ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেখিয়ে আসছিল।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের পরও এতদিন ভারতের কোনও প্রধানমন্ত্রীই সেখানে সফরে যাননি। ভারত-ইসরায়েল সম্পর্কের বিষয়টি গোপনই ছিল। এবার মোদীর সফরের মধ্য দিয়ে সে ধারাই বদলাচ্ছে। উঠতে চলেছে দু’দেশের ঘনিষ্ঠ সম্পর্কের পর্দা।

পর্যবেক্ষকরা বলছেন, অন্যান্য সফরকারীরা যেমন ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনের রামাল্লায়ও যান এবং সেখানকার নেতাদের সঙ্গে দেখা করেন, মোদীর এবারের সফরে সেই রীতিও মানা হচ্ছে না।

এসব কারণে ভারতীয় প্রধানমন্ত্রীর এবারের সফরকে ভারতের আগের মধ্যপ্রাচ্য নীতির ধারাবাহিকতা নয় বলেই মনে করা হচ্ছে।

তবে আগেই এ বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মোদী; বলেছিলেন, ভারত ও ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক ‘গভীর ও শতাব্দী প্রাচীন’।

অবশ্য বেশ কয়েক বছর ধরেই দেশ দুটি সন্ত্রাসবাদ প্রতিরোধ, প্রতিরক্ষা, কৃষি, পানি ও জ্বালানি খাতে একসঙ্গে কাজ করে আসছে।

ইসরায়েলও মোদীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে। ইসরায়েল সফরকালে মোদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনদিন ব্যাপী বৈঠক করবেন।

এর মধ্য দিয়ে দু’দেশের প্রসারমাণ সামরিক সম্পর্কের যবনিকা উঠবে। দু’নেতা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার সিস্টেম তৈরি এবং বিক্রি করা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন দিল্লি এবং তেল আবিবের কর্মকর্তারা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন এ বৈঠককে দুই দেশের সম্পর্ক জোরদারে ‘খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ’  অ্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

নেতানিয়াহু বলেছেন, ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ক ‘ধারাবাহিক উন্নতির পথে’ই আছে।

গত এক দশকে ভারত এবং ইসরায়েলের মধ্যে বিশেষ করে প্রতিরক্ষা খাতে সম্পর্কের প্রসার ঘটেছে এবং তা নিবিড় হয়েছে। ২০১৬ সালের মার্চ পর্যন্ত তিনটি অর্থবছরে ইসরায়েল ভারতে তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হয়েছে।

আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে প্রতিরক্ষার পাশাপাশি বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রেও ভারত- ইসরায়েল সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী শপথ গ্রহণের পরই প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে কয়েকদফা চুক্তি সই করেছে দু’দেশ।

ভারত ও ইসরায়েলের সম্পর্কের অগ্রগতি শুরু ২০০৬ সাল থেকে। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। কৃষিক্ষেত্রে নতুন ধারণা পেতে ওই সময় মোদী ইসরায়েল সফরে গিয়েছিলেন।

এবারের সফরে মোদী ইসরায়েলি বালক মোশে হজবার্গের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছে বিবিসি।

২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় শহরটির এক ইহুদি সেন্টারে বন্দুকধারীদের গুলিতে হজবার্গের বাবা-মাও নিহত হয়েছিলেন। চারদিন ধরে চলা ওই সন্ত্রাসী হামলায় ১৬৪ জন নিহত ও অন্তত ৩০৮ জন আহত হয়েছিল।