উ. কোরিয়া হুমকি নিয়ে চীন-জাপানের সঙ্গে ট্রাম্পের আলাপ
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকি নিয়ে চীন ও জাপানের নেতাদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়। এ সপ্তাহের শেষ দিকে জার্মানিতে বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর সম্মেলন (জি২০ সম্মেলন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশ জাপান ও চীন ওই সম্মেলনে অংশ নেবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ সম্পর্কে হোয়াইট হাউজ বলেছে, “উভয় নেতাই কোরিয়া উপদ্বীপকে পরমাণুঅস্ত্র মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা নিয়ে পুনরায় আলোচনা করেছেন।”
“আমেরিকার বাণিজ্য অংশীদারদের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ ব্যবসা করার যে প্রতিজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন তাও পুনর্ব্যক্ত করেন তিনি।”
বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র চীন। চীনকে ব্যবহার করে উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগের চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তার সেই চেষ্টা কার্যত ব্যর্থ হওয়ায় হতাশা বাড়ছে।
ফোনালাপে শি’র সঙ্গে বাণিজ্য আলোচনা আবারও বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের কঠোর বাণিজ্য নীতিতে ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ট্রাম্পের সঙ্গে ফোনালাপের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “উভয় নেতা কোরিয়া উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা নিয়ে কথা বলেছেন। উত্তর কোরিয়া বিষয়ে চীনের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের খুবই পরিষ্কার ধারণা আছে।”
যুক্তরাষ্ট্র সরকার ‘এক চীন নীতি’ মেনে চলবে বলেও জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ‘এক চীন নীতিতে’ তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বিবেচনা না করে চীন দেশটিকে তাদের অংশ মনে করে।
তবে বাণিজ্য বিষয়ে শি-ট্রাম্প কি কথা হয়েছে যে বিষয়ে মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি।
ওদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ট্রাম্পের ফোনালাপে দু’নেতা উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, “আবে এবং ট্রাম্প দুইজনই উত্তর কোরিয়ার যে কোনও হুমকি বা তৎপরতার জবাব দিতে যুক্তরাষ্ট্র এবং জাপান জোট প্রস্তুত বলে জানিয়েছেন।”
