২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি জোটের শর্তের জবাব দিয়েছে কাতার

নিষেধাজ্ঞা প্রত্যাহারে সৌদি আরব ও অন্য তিন আরব দেশের জোটের দেওয়া শর্তের আনুষ্ঠানিক জবাব মধ্যস্থতাকারী দেশ কুয়েতকে দিয়েছে কাতার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 06:18 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

কুয়েতের রাষ্ট্রায়াত্ত্ব সংবাদ মাধ্যম কেইউএন জানায়, সোমবার ভোরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি কুয়েতে যান এবং কুয়েতের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছে তাদের প্রতিক্রিয়া জানিয়ে বার্তা দেন।

তবে কাতার কি জবাব দিয়েছে সে সম্পর্কে কেইউএনএর প্রতিবেদন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। যদিও শনিবার আল থানি জানিয়েছিলেন, কাতার সৌদি জোটের দাবিগুলো প্রত্যাখ্যান করেছে এবং যুক্তিযুক্ত শর্ত নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে।

 সন্ত্রাসবাদের মদদদাতা অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইয়েমেন ও বাহরাইন প্রতিবেশী কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কাতার ওই অভিযোগ অস্বীকার করেছে।

আঞ্চলিক বিরোধ নিরসনে কুয়েত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার শর্ত হিসেবে গত ২৩ জুন সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন তাদের ১৩টি শর্তের একটি তালিকা পাঠায়।

দাবিগুলোর মধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস, তুরস্কের একটি সামরিক ঘাঁটি বন্ধ ও আল জাজিরা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার কথাও রয়েছে।

দাবি পূরণের জন্য কাতারকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছিল তারা। রোববার রাতে ওই সময়সীমা শেষ হওয়ার পর কুয়েতের অনুরোধে আরও ৪৮ ঘণ্টা সময় বাড়িয়েছে দাবি পেশকারী দেশগুলো।

সম্পর্কচ্ছেদ করার পর থেকে নজিরবিহীন কূটনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার মাধ্যমে কাতারকে চাপে রেখেছে সৌদি আরব ও তার মিত্র আরব দেশগুলো।

প্রায় ৯৮ শতাংশ খাদ্য আমদানি করা দেশ কাতার সম্পর্কচ্ছেদের কারণে রীতিমত খাদ্যসঙ্কটে পড়ে। ওই সময় ইরান ও তুরস্ক খাদ্য ও অন্যান্য সহায়তা নিয়ে দেশটির পাশে দাঁড়ায়।