২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তথ্য দিতে অস্বীকৃতি, ২০ অঙ্গরাজ্যের সমালোচনায় ট্রাম্প

ভোটারদের ব্যক্তিগত তথ্য দিতে অস্বীকৃতি জানানোয় ২০ টিরও বেশি অঙ্গরাজ্যর কড়া সামলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jul 2017, 08:01 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিশন গঠন করেছেন ট্রাম্প। ওই কমিশন থেকে ৫০ টি অঙ্গরাজ্যের স্থানীয় সরকারের কাছে ভোটারদের নাম, ঠিকানা ও গোপন ব্যক্তিগত তথ্য চাওয়া হয়।

কিন্তু ভার্জিনিয়া, কেনটাকি, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং ম্যাসাচুসেটসসহ ২০টিরও বেশি অঙ্গরাজ্য একে অপ্রয়োজনীয় এবং ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার অধিকারের লঙ্ঘন বলে ভোটারদের পুরো অথবা আংশিক তথ্য দিতে অস্বীকৃতি জানায়।

এক টুইটে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “অনেকগুলো অঙ্গরাজ্য ভোট জালিয়াতি নিয়ে তদন্তে দারুণভাবে যোগ্য একটি প্যানেলকে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা কি গোপন করতে চাইছে?”

ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে জেতাতে নভেম্বরের নির্বাচনে কয়েক লাখ অবৈধ ভোট পড়েছে। বিষয়টি তদন্তে মে মাসে ট্রাম্প ‘প্রেসিডেন্টশিয়াল অ্যাডভাইজরি কমিশন অন ইলেকশন ইনটিগ্রিটি’ গঠন  করেন।

কমিশনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে চিঠি পাঠিয়ে ভোটারদের নাম, সামাজিক নিরাপত্তা নম্বরের শেষ চার সংখ্যা, ঠিকানা, জন্মতারিখ, রাজনৈতিক অবস্থান, অপরাধের ইতিহাস এবং অতীতে ভোট দেওয়া সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়।

কমিশনের ভাইস চেয়ারম্যান ক্রিস কোবাচের ওই অনুরোধের নিন্দা জানান অঙ্গরাজ্যগুলোর নির্বাচনী কর্মকর্তারা।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে কেনটাকি অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটস অ্যালিসন লুন্ডারগান গ্রিমস বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ভিত্তিহীন যে মিথ্যাকে এগিয়ে নিতে চাইছেন তার একটি ভিত খুঁজতেই এই কমিশন গঠন করা হয়েছে।”