কুখ্যাত মাদক অপরাধী কার্লোস ডি রোচা ব্রাজিলে গ্রেপ্তার
প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ৩০ বছর ধরে পালিয়ে বেড়ানো এক কুখ্যাত মাদক অপরাধীকে গ্রেপ্তার করেছে ব্রাজিলীয় পুলিশ।
শনিবার ব্রাজিলের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাতো গ্রোসোর সোরিসো থেকে লুইজ কার্লোস ডি রোচাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এক বিবৃতির বরাতে জানিয়েছে বিবিসি।
‘হোয়াইট হেড’ নামে পরিচিত রোচা দক্ষিণ আমেরিকার বিস্তৃত একটি কোকেন সাম্রাজ্যের নেতা বলে ধারণা করা হয়। সে ‘এমন একজন অপরাধী যে দূরদর্শীতার সঙ্গে ছায়ার মতো জীবনযাপন করতো’ বলে জানিয়েছে পুলিশ।
ব্রাজিলের ফেডারেল পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার রায়ে রোচার ৫০ বছরেরও বেশি কারাদণ্ড হয়েছে।
ভিতর লুইজ ডি মোরায়েস নাম ধারণ করে সোরিসো শহরে বসবাস করছিল এই মাদকসম্রাট। গোয়েন্দারা রোচার আগের ছবি ও নতুন সন্দেহভাজনের ছবি তুলনা করে এই সিদ্ধান্তে আসে যে ‘লুইজ কার্লোস ডি রোচা ও ভিতর লুইজ আসলে একই ব্যক্তি’।
সহিংসতার জন্য রোচার সংগঠনের কুখ্যাতি আছে বলে জানিয়েছে পুলিশ। তার দলের সদস্যরা সাধারণত সশস্ত্র রক্ষী ও এসইউভি নিয়ে চলাফেরা করতো এবং ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করতো।
তারা বলিভিয়া, পেরু এবং কলম্বিয়ায় কোকেন উৎপাদন করে বিস্তৃত সরবরাহ ব্যবস্থাপনার মাধ্যমে তা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে পাচার করতো।
অভিযোগও আছে, ব্রাজিলের সাও পাওলো ও রিও ডি জেনিরোর অপরাধী চক্রগুলোর কাছে কোকেন সরবরাহকারীদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হলেন রোচা।
পুলিশের হিসাব মতে প্রতি মাসে তার ‘সাম্রাজ্যে’ পাঁচ টনের মতো কোকেন উৎপাদিত হয়।
যে অভিযানের মাধ্যমে রোচাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযানে অপরাধী গোষ্ঠীটির প্রায় এক কোটি ডলারের সমপরিমাণ সম্পদও জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে আছে খামার, অন্যান্য ভূসম্পত্তি, দামি গাড়ি ও বিমান।
কর্মকর্তাদের ধারণা, রোচার সম্পদের পরিমাণ অন্তত ১০ কোটি ডলার। অভিযানের দ্বিতীয় পর্যায়ে রোচার বাকী সম্পদগুলো জব্দ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তারা।
