২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়াকে শক্ত জবাব দেওয়ার হুমকি ট্রাম্পের

উত্তর কোরিয়ার সঙ্গে ‘কৌশলগত ধৈর্য্যের’ বছরগুলো ব্যর্থ হয়েছে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ‘দৃঢ় প্রতিক্রিয়া’ দেখানো হবে বলে সতর্ক করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 02:25 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

শুক্রবার সফররত দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প উত্তর কোরিয়াকে সতর্ক করে এ কথা বলেন, জানিয়েছে বিবিসি।

ট্রাম্প বলেন, “আমরা উভয়েই বেপরোয়া ও নির্দয় একটি শাসনব্যবস্থার হুমকি মোকাবিলা করছি।”

উত্তর কোরিয়াকে ‘দ্রুত, একটি ভালো পথ’ বেছে নেওয়ারও আহ্বান জানান তিনি।

পরে হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “উত্তর কোরিয়ার শাসকদের সঙ্গে কৌশলগত ধৈর্য্যের যুগ ব্যর্থ হয়েছে। সত্যি বলতে কি, ওই ধৈর্য্য এখন শেষ।

“ওয়াশিংটন এখন দক্ষিণ কোরিয়া, জাপান ও বিশ্বের সব অঞ্চলের মিত্রদের নিয়ে তাদের এবং আমাদের নাগরিকদের কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থাকে উত্তর কোরিয়া নামক বিপদের হাত থেকে রক্ষায় কাজ করছে।”

অন্যদিকে মুন উত্তর কোরিয়ার নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং নিজেদের রক্ষা করার সামর্থ্য অর্জন করার কথাও বলেন কিছু দিন আগে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া মুন।

দূর্নীতির অভিযোগে আগের প্রেসিডেন্ট পার্ক গিউন-হের অভিশংসনের পর প্রেসিডেন্ট হন মুন; তখন থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ-আলোচনা শুরুর আগ্রহের কথা জানিয়ে আসছেন তিনি।

মুন জানান, ট্রাম্পের সঙ্গে তার আলোচনাতেও উত্তর কোরিয়া সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর ‘শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাই সত্যিকারের শান্তি আনতে পারে’ বলে এ সময় মন্তব্য করেন তিনি।