২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং: চীনের কাছে হস্তান্তরের ২০ বছর পূর্তি উদযাপন

যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে হংকংকে চীনের কাছে হস্তান্তরের ২০ বছর পূর্তিতে ‘বিশেষ অঞ্চলটির’ প্রথম নারী প্রধান নির্বাহী ক্যারি লামকে শপথ পড়িয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 12:41 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

শনিবার লামের পাশাপাশি তার মন্ত্রীসভার সদস্যদেরও শপথ পড়ান তিনি, জানিয়েছে বিবিসি।

এ দিনটিতে কড়া নিরাপত্তার মধ্যে ধারাবাহিক কয়েকটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নেন শি, এর মধ্যে পতাকা উত্তোলন অনুষ্ঠান অন্যতম। কিন্তু অনুষ্ঠানস্থলের কাছেই বেইজিংপন্থি ও গণতন্ত্রপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Image
হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহী ক্যারি লামকে শপথ পড়িয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্স

হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহী ক্যারি লামকে শপথ পড়িয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্স

২০১৩ সালে চীনের নেতৃত্ব গ্রহণ করার পর এই প্রথম হংকং সফরে এলেন প্রেসিডেন্ট শি।

এক ভাষণে জিনপিং বলেন, হংকং এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।

ভাষণে শহরটির উপর বেইজিংয়ের কর্তৃত্ব নিয়ে কোনো ধরনের ‘অগ্রহযোগ্য’ চ্যালেঞ্জের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বলেন, “চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন যে কোনো উদ্যোগ, কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানো বা অনুপ্রবেশের জন্য হংকংকে ব্যবহার করে মূল ভূখণ্ডের বিরুদ্ধে নাশকতা চালানোর তৎপরতা সীমা লঙ্ঘনের মতো অপরাধ এবং তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।” 

এর আগে হস্তান্তরের দুই দশক পূর্তি উপলক্ষে জিনপিংয়ের উপস্থিতিতে চীন ও হংকংয়ের পতাকা উত্তোলন করা হয়।

এ সময় গোল্ডেন বাউহাইনিয়া স্কয়ারে উপস্থিত লোকজন চিৎকার করে উল্লাস প্রকাশ করে।

Image
হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্স

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্স

এ সময় গণতন্ত্রীপন্থিদের সঙ্গে বেইজিংপন্থিদের সংঘর্ষের ঘটনা ঘটে, পরিস্থিতিতে হস্তক্ষেপ করে পুলিশ দুই দলকে পৃথক করে দেয়।

গণতন্ত্রপন্থী দল দেমোসিস্টো জানিয়েছে, পুলিশ তাদের ৫ সদস্যকে আটক করেছে; অন্যদিকে লিগ অব সোশ্যাল ডেমোক্রেটের আটক হয়েছে ৪ জন। গ্রেপ্তারদের মধ্যে হংকংয়ের কথিত আমব্রেলা প্রোটেস্ট মুভমেন্টের নেতা জোশুয়া ওং-ও রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার তিনদিনের সফরে হংকংয়ে আসার পর জিনপিং আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এগুলোর মধ্যে আছে বার্ষিক ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘এক দেশ, দুই পদ্ধতি’ ফর্মুলার অধীনে ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয় যুক্তরাজ্য। এই ফর্মুলার অধীনে হংকং চীনের কাছ থেকে আধা-স্বায়ত্তশাসন ও স্বাধীন বিচার ব্যবস্থার নিশ্চয়তা পেয়েছে।