ইসরায়েল সফরে যাচ্ছেন মোদী, পর্দা উঠছে ঘনিষ্ঠ সম্পর্কের
ভারত ২৫ বছর আগে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলেও আজ পর্যন্ত কোনও প্রধানমন্ত্রীই সেখানে সফরে যাননি। ভারত-ইসরায়েল সম্পর্কের বিষয়টি গোপনই ছিল। এবার সে ধারাই বদলে ইসরায়েল সফরের মধ্য দিয়ে দু’দেশের ঘনিষ্ঠ সম্পর্কের পর্দা হটাতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী সপ্তাহে অর্থাৎ, জুলাইয়ের শুরুতেই মোদী ইসরায়েল সফরে যাচ্ছেন। ইতিহাসে এটিই হবে ইসরায়েলে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর।
মোদীর ঐতিহাসিক এ সফরে প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়টি থেকে শুরু করে কৃষি এবং সেচ প্রযুক্তি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের দিপক্ষীয় সম্পর্কে একটি নতুন যুগের সূচনা হবে বলেই আশা করা হচ্ছে।
তাছাড়া, এ বছর দুই দেশ তাদের মধ্যকার পূর্ণ কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তিও উদযাপন করবে।
বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলো এবং ইরানসহ দেশের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বিরাগভাজন না হওয়ার জন্য ভারত ঐতিহ্যগতভাবেই ইসরায়েলের সঙ্গে এতদিন সতর্কতার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলেছে। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলার পরও ভারত নীরবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।
কিন্তু এখন মোদী সে নীরবতাই ভাঙছেন। ইসরায়েল সফরকালে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনদিন ব্যাপী বৈঠক করবেন। এর মধ্য দিয়ে দু’দেশের প্রসারমাণ সামরিক সম্পর্কের যবনিকা উঠবে। দু’নেতা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার সিস্টেম তৈরি এবং বিক্রি করা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছে দিল্লি এবং তেল আবিবের কর্মকর্তারা।
গত এক দশকে ভারত এবং ইসরায়েলের মধ্যে বিশেষ করে প্রতিরক্ষা খাতে সম্পর্কের প্রসার ঘটেছে এবং তা নিবিড় হয়েছে। ২০১৬ সালের মার্চ পর্যন্ত তিনটি অর্থবছরে ইসরায়েল ভারতে তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হয়েছে।
আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে প্রতিরক্ষার পাশাপাশি বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রেও ভারত- ইসরায়েল সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী শপথ গ্রহণের পরই প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে কয়েকদফা চূক্তি সই করেছে দু’দেশ।
ভারত ও ইসরায়েলের সম্পর্কের অগ্রগতি শুরু ২০০৬ সাল থেকে। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। কৃষিক্ষেত্রে নতুন ধারণা পেতে ওই সময় মোদী ইসরায়েল সফরে গিয়েছিলেন।
