২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে ১৪২ কোটি ডলারের অস্ত্র বেচছেন ট্রাম্প

চীনকে অগ্রাহ্য করে তাইওয়ানের কাছে ১৪২ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 06:32 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আওতায় এটিই তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রথম পদক্ষেপ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নুয়ের্ট সাংবাদিকদের জানিয়েছেন, প্রশাসন বৃহস্পতিবার কংগ্রেসে অস্ত্র বিক্রির সাতটি প্রস্তাবের কথা জানিয়েছে।  কংগ্রেসে এখন এ প্রস্তাবগুলো অনুমোদন পেতে হবে।  এ প্রক্রিয়ার জন্য হাতে সময় আছে ৩০ দিন।

নুয়ের্ট জানান, সব মিলিয়ে তাইওয়ানের কাছে মোট ১৪২ কোটি ডলারের অস্ত্র বিক্রি করা হবে। এ তালিকায় থাকছে উচ্চ প্রযুক্তির পূর্ব সতর্কীকরণ রাডার, উচ্চগতির অ্যান্টি-রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, টর্পেডো এবং ক্ষেপণাস্ত্রের উপাদানসহ আত্মরক্ষামূলক নানা অস্ত্র।

তার মতে, এর মধ্য দিয়ে তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের আত্মরক্ষার শক্তি বাড়বে।

তবে অস্ত্র বিক্রির মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের ‘এক চীন নীতির’ প্রতি সমর্থন বদলাবে না বলেও জানান নুয়ের্ট।

২০১৫ সালের ডিসেম্বরে তাইওয়ানের কাছে সর্বশেষ ১৮৩ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন। এখন ট্রাম্পও একই পদক্ষেপ নিচ্ছেন।

কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান নেতা এড রয়েস বহুদিন পর তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চুই তিয়ানকাই।

তিনি বলেন, ‘অস্ত্র বিক্রির এ উদ্যোগ পারস্পরিক আত্মবিশ্বাস নষ্ট করবে। দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও তা নেতিবাচক প্রভাব ফেলবে।’