২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে রোগ ছড়িয়ে পড়ার সঙ্গে জড়িত কর্মকর্তার কারাদণ্ড

পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রজুড়ে মেনিনজাইটিস রোগ ছড়িয়ে পড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া এক ওষুধ কোম্পানির শীর্ষ  নির্বাহীকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে বোস্টনের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2017, 01:29 PM

Updated : 11 Apr 2022, 11:50 PM

দণ্ডপ্রাপ্ত ব্যারি কাডেন ম্যাসাচুসেটসভিত্তিক নিউ ইংল্যান্ড কম্পাউন্ডিং সেন্টারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ছিলেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের মার্চে তাকে কালোবাজারি ও জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হলেও মানুষ হত্যার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল।

তদন্ত কর্মকর্তাদের দাবি, ২০১২ সালে নিউ ইংল্যান্ড কোম্পানি যে দূষিত স্টেরয়েড বাজারজাত করেছিল তার উৎপাদন বাড়াতে ব্যারি ভূমিকা রেখেছিলেন, কোম্পানির আয় বাড়াতে বিপজ্জনক পথ অবলম্বন করেছিলেন তিনি।

ওই স্টেরয়েডের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৭৭৮জন রোগী ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাদের মধ্যে ৭৬জন মারা যান। 

এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত সন্দেহে ২০‌১৪সালে কোম্পানিটির মোট ১৪জনকে অভিযুক্ত করা হয়।

তদন্ত কর্মকর্তারা ব্যারির ৩৫ বছর কারাদণ্ড চাইলেও বিচারক রিচার্ড স্টার্নস বলেন, তিনি যদি ক্ষতিগ্রস্ত হতেন তবে তিনিও ওষুধ কোম্পানির সাবেক এই নির্বাহীর সর্বোচ্চ সাজাই চাইতেন, কিন্তু বিচারক হিসেবে তার কাছে মনে হয়েছে ৯ বছরের কারাদণ্ডই সঠিক রায়।

রায়ে সন্তুষ্ট হতে পারেননি ক্ষতিগ্রস্ত ও তাদের স্বজনরা।

“এটা আসলে মুখে চপেটাঘাত,” বলেন ডন এলিয়ট; ২০১২ সালে ব্যারির কোম্পানির স্টেরয়েড ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এই নারীকে বছরখানেক শয্যাশায়ী করে রেখেছিল।  

“ক্ষমার অযোগ্য অপরাধ,” বলেন পেনি ল্যাপেরিয়ের; ওই স্টেরয়েড কেলেঙ্কারিতে স্বামী লিনকে হারিয়েছেন পেনি।

“কে তাকে (ব্যারি) ঈশ্বরের সঙ্গে খেলার অধিকার দিয়েছে,” প্রশ্ন রেখেছেন পেনি।

ব্যারির আইনজীবী তার মক্কেলের তিন বছরের সাজা চেয়েছিলেন।

দোষ স্বীকার করে আদালতে ব্যারি বলেছেন, নিহতদের কষ্টকর মৃত্যুর কথা শুনে তার হৃদয় ভেঙে গেছে।