২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ব্যাংকে গাড়িবোমা হামলায় নিহত ৩৪

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের বাইরে শক্তিশালী এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2017, 03:07 PM

Updated : 11 Apr 2022, 11:49 PM

বৃহস্পতিবারের এ ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। হতাহতদের মধ্যে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আছে বলে জানা গেছে।

পুলিশ বিবিসি কে জানিয়েছে, লস্কর গহ তে নিউ কাবুল ব্যাংক এর শাখা অফিসের প্রবেশপথে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তালেবান জঙ্গিরা বিস্ফোরক পেতে রাখার কথা জানিয়েছে।

এর আগে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানোর পর সশস্ত্র হামলাকারীরা ব্যাংকটির ভিতরে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে লিপ্ত হয় বলে জানিয়েছিল টোলো নিউজ।

হামলাটি এমন সময়ে চালানো হয় যখন সাধারণ মানুষসহ কর্মকর্তারাও ব্যাংকের বাইরে লাইনে দাঁড়িয়ে টাকা তোলার অপেক্ষায় ছিল।

আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র এক টুইটে বলেছেন, “হামলায় হতাহতদের বেশিরভাগই নিরীহ মানুষ। তারা ঈদের কেনাকাটার জন্য এসেছিল। তাদের আনন্দের মুহূর্ত দুঃস্বপ্নে পরিণত হল।”

তালেবান জঙ্গিরা বসন্তকালীন হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর থেকে আফগানিস্তানে সম্প্রতি কয়েক সপ্তাহে একের পর এক এ ধরনের বোমা হামলা হয়েছে।