২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে এপার্টমেন্টের বেজমেন্টে বাস করছে ৪শ’ মানুষ!

চীনের রাজধানী বেইজিংয়ের একটি ব্যয়বহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বেজমেন্টে প্রায় চারশ’ মানুষ বসবাসের সন্ধান পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2017, 08:22 PM

Updated : 11 Apr 2022, 11:48 PM

চীনের রাষ্ট্রায়াত্ত্ব বেতারে শনিবার এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে। এর মধ্য দিয়ে চীনের রাজধানীতে আবাসন সংকটের বিষয়টি নতুন করে সামনে এল।

বেইজিংয়ের উত্তর-পূর্বে অপেক্ষাকৃত ধনীদের এলাকায় জুলং গার্ডেনস নামে ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটির মাটির নীচের অংশে জানালাবিহীন ছোট্ট ছোট্ট ঘিঞ্জি কক্ষে ওই মানুষরা বসবাস করে। যাদের বাইরে বের হওয়ার পথ মাত্র একটি।

চায়না ন্যাশনাল রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, জুলং গার্ডেনের বাড়ির মালিকরা শুরুতে তাদের কমপ্লেক্সে অপরিচিত মানুষদের আনাগোনা দেখে কৌতুহলী হয়ে উঠেন।

অবশেষে কমপ্লেক্সের একটি ভবনের বেজমেন্টে একটি দরজার পেছনে তারা লুকানো ঘিঞ্জি কতগুলো কক্ষ আবিষ্কার করেন। সেখানে বাস করা বেশিরভাগ মানুষই অভিবাসী শ্রমিক।

সাধারণত বেজমেন্টে ভবনের রক্ষণাবেক্ষনে নিয়োজিত কর্মীরা থাকেন। তাদের জন্য রান্নাঘরসহ কক্ষ থাকে। কোথাও কোথাও ‘স্মোকিং রুম’ আছে বা আলাদা ছোট ছোট কক্ষও আছে।

তবে মাটির নীচে লুকিয়ে বানানো ওই ঘরগুলো বৈধ কিনা তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে বলেও রেডিও প্রতিবেদনে বলা হয়।

“ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বেজমেন্টের মালিক স্থানীয় সরকার। তারা সেটি লিজ দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

পরিসংখ্যান অনুযায়ী, চীনে প্রায় ১০ লাখ মানুষ এ ধরনের মাটির নীচের ঘরে বাস করে। যারা শুজু বা ইঁদুর জাতি নামে পরিচিত।

যারা গত শতাব্দির সত্তর ও আশির দশকে বেইজিংয়ের মাটির নিচে তৈরি বোম শেল্টার বা বাঙ্কার গুলোতে বসবাস করে আসছে।

বেইজিংয়ে বাড়ি ভাড়ার উর্ধ্বগতি সেখানে ‘শুজু’ মানুষের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে।

২০১০ সালের তুলনায় ২০১৬ সালে বেইজিংয়ে বাড়ি ভাড়া গড়ে ৬০ শতাংশের বেশি বেড়েছে।