২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদের সামনে সন্ত্রাসী হামলার নিন্দায় টেরিজা মে

লন্ডনে মসজিদের সামনে ভিড়ের ওপর ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনাকে মুসলিমদের ওপর ‘বিতৃষ্ণকর’ সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jun 2017, 10:19 PM

Updated : 11 Apr 2022, 11:47 PM

রোববার মধ্যরাতে উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে ওই হামলা হয়। এটি যুক্তরাজ্যের অন্যতম বড় মসজিদ।

এক প্রত্যক্ষদর্শী বিবিসি’কে জানান, ওই ভ্যানের চালক চিৎকার করে বলছিলেন- ‘সব মুসলমানকে মেরে ফেল।”

বয়স্ক এক লোক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে তাকে ঘিরে পথচারীরা যখন সুশ্রুষা করছিলেন, তখনই ওই ভ্যান ভিড়ের মধ্যে উঠিয়ে দেওয়া হয়। পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী মে ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের বলেছেন, “আজ সকালে আমাদের দেশ রাজধানীর রাস্তায় আরেকটি সন্ত্রাসী হামলা হওয়ার খবর পেয়ে ঘুম থেকে জেগেছে। এ মাসে এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। আগের সব হামলার মত এ হামলাটিও প্রতি পদেই একটি বিতৃষ্ণকর হামলা।”

হামলা হওয়া মসজিদ এলাকাটি পরে পরিদর্শন করে মে বলেন, “এটি মুসলিমদের উপাসনালয়ের কাছে তাদের ওপর চালানো হামলা।”

যুক্তরাজ্যে মার্চের পর থেকে এটি চতুর্থ সন্ত্রাসী হামলা। আর পথচারীদের ওপর গাড়ি চালিয়ে হামলার তৃতীয় ঘটনা এটি।

পুলিশ বলছে, এ হামলার শিকার হওয়া সবাই ছিল মুসলিম। তারা সন্ধ্যার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় হামলাটি হয়।

নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, হামলাকারীকে নিরাপত্তা বিভাগ চেনে না। সে একাই হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ এ ঘটনাটি ‘সন্ত্রাসী হামলা’ বলে জানিয়েছে ৪৮ বছর বয়সী এক শ্বেতাঙ্গকে আটকে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মে।