২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ মার্কিন আইনপ্রণেতা স্কেলিসের অবস্থা গুরুতর

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বেসবল খেলার সময় বন্দুকধারীর গুলিতে আহত আইনপ্রণেতা স্টিভ স্কেলিসের অবস্থা গুরুতর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 04:35 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

গুলির আঘাতে স্কেলিসের শরীরের ভেতরকার অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার আরও অস্ত্রোপচার দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার ভার্জিনিয়ায় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যরা বেসবল খেলার সময় বন্দুকধারীর গুলিতে প্রতিনিধি পরিষদের হুইপ স্টিভ স্কেলিসসহ কয়েকজন এমপি আহত হন।

স্কেলিসের বাম উরুতে একটিমাত্র বুলেট লাগলেও এর আঘাতে তার মেরুদন্ডের নিচের অংশের হাড় ভেঙে যাওয়াসহ ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রচুর রক্তপাতও হয়েছে।

হাসপাতালে ভর্তি করার পর তাৎক্ষণিকভাবে তার অস্ত্রোপচার করা হয় এবং রক্ত বন্ধেও বাড়তি পদক্ষেপ নেওয়া হয়।

কিন্তু তার অবস্থা এখনও গুরুতর এবং তার আরও অস্ত্রোপচার দরকার বলেই জানিয়েছেন মেডস্টার ওয়াশিংটন হাসপাতাল কেন্দ্রের চিকিৎসকরা।

ওয়াশিংটন ডিসির কাছে অ্যালেক্সান্ড্রিয়ায় বুধবার সকালে ওই হামলার পর ঘটনাস্থল থেকে স্কেলিসসহ আহত অন্তত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিরাপত্তাকর্মীদের ছোড়া পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়। হামলাকারী ইলিনয়ের বাসিন্দা জেমস টি হজকিনসনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ঘটনার বিবরণ দিয়ে আলাবামা থেকে নির্বাচিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য মো ব্রুকস সিএনএনকে বলেন, ডেমোক্রেটদের বিপক্ষে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় খেলা উপলক্ষে সকালে তারা প্র্যাকটিস করছিলেন।

হঠাৎ একজন ব্যক্তি রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করে। তিনি তাকে একনজর দেখেছেন। তাকে শ্বেতাঙ্গ মনে হয়েছে।

ব্রুকস বলেন, “সেখানে ৫০ থেকে ১০০টি গুলিবর্ষণ হয়েছে। আমি দ্বিতীয় বেসের কাছ থেকে স্টিভ স্কেলিসের আর্তনাদ শুনেছি। তার গুলি লেগেছে।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার স্কেলিসকে দেখতে হাসপাতালে যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। এক টুইটে তার জন্য প্রার্থনা করারও আহ্বান জানান তিনি।