মার্কিন থাড সিস্টেমের ওপর উ. কোরীয় ড্রোনের নজরদারি
উত্তর কোরিয়ার একটি চালক বিহীন বিমান (ড্রোন) দক্ষিণ কোরিয়ায় বসানো যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী থাড প্রতিরক্ষা সিস্টেমের ছবি তুলেছে বলে সন্দেহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানানো হয়।
বলা হয়, গত সপ্তাহে উত্তর কোরিয়া সীমান্তের কাছে জঙ্গলে একটি ড্রোন খুঁজে পাওয়া গেছে। যেটিতে ক্যামেরা লাগানো ছিল। সেটার আকার ও আকৃতি ২০১৪ সালে সীমান্তবর্তী একটি দ্বীপে খুঁজে পাওয়া উত্তর কোরিয়ার ড্রোনের সঙ্গে মিলে গেছে।
“এটি ১০টি ছবি তুলেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। খুব সম্ভবত উত্তর কোরিয়া ফিরে যাওয়ার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়।”
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার ক্রামগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে নিরাপত্তার খাতিরে দক্ষিণ কোরিয়ার সেয়ংজু কাউন্টির দক্ষিণ-পূর্বে অত্যাধুনিক টার্মিনাল হাই অ্যালটিটুড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী সিস্টেম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
এই প্রতিরক্ষা প্রযুক্তিটি দুইশ কিলোমিটার আওতার মধ্যে প্রায় ১৫০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র ভূ-পতিত করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, “আমরা উত্তর কোরিয়া থেকে পাঠানো ড্রোন মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”
বিবিসি জানায়, অতীতে আরও কয়েকবার দক্ষিণ কোরিয়া প্রতিবেশী উত্তর কোরিয়ার বিরুদ্ধে ড্রোন পাঠানোর অভিযোগ করেছে।
