২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউনিখের রেল স্টেশনে গুলিতে আহত ৪

জার্মানির মিউনিখে একটি স্টেশনে গুলির ঘটনায় এক নারী পুলিশসহ  চারজন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 06:11 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

এক ব্যক্তি পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার সময় ওই নারী পুলিশ কর্মকর্তার মাথায় গুলি লাগে।

তবে এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাথায় গুলিবিদ্ধ ওই নারী পুলিশের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দুইজন পথচারীও গুরুতর আহত হয়েছেন।

পরে পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে। তবে তার আঘাত গুরুতর নয়। তাকে পুলিশ হেফাজত রাখা হয়েছে।

বিবিসি জানায়,  মিউনিখের শহরতলী আন্টারফ্রিংয়ে পুলিশ বড়ধরনের অভিযান চালাচ্ছে। যে কারণে আন্টারফ্রিং রেলস্টেশনে রেল চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

স্টেশনে একদল লোক হাতাহাতি করছিল। তাদের একজনের হাতে ছুরি ছিল। ভিড়  দেখে পুলিশ সেদিকে এগিয়ে গেলে গুলির ওই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

“হামলাকারী ব্যক্তি অন্তত পাঁচটি গুলি চালিয়েছে। পুলিশ পাল্টা গুলি চালালে সে সামান্য আহত হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, ৩৭ বছরের ওই ব্যক্তি জার্মান নাগরিক, যিনি মিউনিখে বসবাস করেন।

মিউনিখ বিমানবন্দরে যাওয়ার প্রধান রেলপথ গুলোর একটি আন্টারফ্রিংয়ের উপর দিয়ে গেছে। যে কারণে এখানকার স্টেশনটিতে সবসময় ভিড় লেগে থাকে।