২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার রাজধানীতে ৭ তলা ভবন ধসে নিখোঁজ ১৫

কেনিয়ার রাজধানী নাইরোবিতে সাত তলা একটি ভবন ধসের পর প্রায় ১৫ জন নিখোঁজ রয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Jun 2017, 03:14 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

সোমবার রাতে পূর্ব নাইরোবির পাইপলাইন নামক আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মঙ্গলবার জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো।

ঝুঁকিপূর্ণ ওই ভবনটি ছেড়ে দেওয়ার জন্য এর বাসিন্দাদের আগেই সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দ্য স্টার সংবাদপত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধসে পড়ার আগে ভবনটি থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল।

ভবনটিতে ফাটল দেখা দেওয়ার পর এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে, পরিত্যক্ত ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর নিজেদের ফেলে যাওয়া জিনিসপত্র সরিতে নিতে বেশ কয়েকজন ভবনটিতে পুনঃপ্রবেশ করেছিল। সম্ভবত তারাই আটকা পড়েছে।

পুলিশ জানিয়েছে, মোট কতোজন আটকা পড়েছে তা তাদের জানা নেই।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের উপপরিচালক পিয়ুস মাসাই বলেছেন, “এই ঘটনা ঘটবে তা জানা ছিল। লোকজনকে সরিয়েও নেওয়া হয়েছিল। কিন্তু কিছু লোক হয়তো রয়ে গিয়েছিল।”

উদ্ধারকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করেছে বলে এক টুইটে জানিয়েছে কেনিয়া রেডক্রস।

আগেও কেনিয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে। গত বছর এক রাতে ভারি বৃষ্টিপাতের সময় নাইরোবির অপর একটি ভবন ধসে মোট ৪৯ জন নিহত হয়েছিল।