২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার বিরোধীদলীয় নেতাকে এক মাসের আটকাদেশ

সরকারি বিরোধী মিছিল-সমাবেশে ডেকে বারবার আইন ভঙ্গের জন্য রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 12:35 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

সোমবার রাতে মস্কোর এক আদালত এই আটকাদেশ দেয় বলে জানিয়েছে বিবিসি। এর আগে নাভালনির আইনজীবীদের মামলা খারিজের আবেদন প্রত্যাখ্যান করে আদালত।

আদালতের আদেশের পর এক টুইটে খবরটি নিশ্চিত করেছেন নাভালনি।

নাভালনির ডাকে সোমবার রাশিয়া দিবসে দেশজুড়ে দুর্নীতিবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়। রাজধানী মস্কোতে ওই বিক্ষোভ সমাবেশে নাভালনির যোগ দেওয়ার কথা ছিল। 

কিন্তু বিক্ষোভ সমাবেশ শুরুর আগে ওইদিন সকালে তাকে গ্রেপ্তার করে মস্কোর নিজ বাড়িতে অন্তরীণ রাখা হয়। পরে রাশিয়াজুড়ে অনুমতিহীন ওই বিক্ষোভ সমাবেশের চেষ্টাকালে আরো কয়েকশত বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ৪১ বছর বয়সী এই বিরোধীদলীয় নেতা আগামী বছর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া শীর্ষ পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে সংঘাতের ঝুঁকি নিচ্ছেন এটি জানা ছিল নাভালনির। পুলিশও তাদের দায়িত্ব পালন করেছে।

মস্কোতে প্রতিবাদ বিক্ষোভে প্রায় পাঁচ হাজার লোক যোগ দিয়েছিল বলে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স পুলিশের বরাতে জানিয়েছে।

ওভিডি ইনফো নামের এক বেসরকারি সংস্থা (এনজিও) জানিয়েছে, রাজধানীতে প্রতিবাদ চলাকালে ৮২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ার অপর প্রধান শহর সেন্ট পিটার্সবার্গ থেকে আরো কয়েকশ লোককে আটক করা হয়েছে বলেও জানিয়েছে ওভিডি ইনফো।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পিটার্সবাগে প্রায় সাড়ে তিন হাজার লোক প্রতিবাদ সমাবেশে অংশ নেয়, সেখান থেকে ৫০০ জনকে আটক করা হয়।

এর আগে বিক্ষোভকালে দেশের দূরপূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তক, ব্লাগোভেশ্চেনেস্ক থেকেও বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এছাড়া কাজান থেকেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।  

তরুণদের প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাতে দুর্নীতিবিরোধী আন্দোলনকারীরা ইউটিউব, টুইটার ও অন্যান্য ব্লগ ব্যবহার করে।