ছেলেকে নিয়ে হোয়াইট হাউজে গেলেন মেলানিয়া ট্রাম্প
বহুদিন পর হোয়াইট হাউজে গেলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ছেলে ব্যারন।
পাঁচমাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ১১ বছরের ছেলের স্কুলে কারণে এতদিন নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারেই ছিলেন স্ত্রী মেলানিয়া। যা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে।
সাম্প্রতিক সময়ে মেলানিয়াই একমাত্র ফার্স্ট লেডি যিনি রাজধানী ওয়াশিংটনে আসতে দেরি করলেন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা দুই মেয়েকে নতুন স্কুলে অভ্যস্ত করতে এমনকি আগেভাগেই ওয়াশিংটন চলে এসেছিলেন।
টুইটারে জানালার কাছে দাঁড়িয়ে তোলা হোয়াইট হাউজের বিশাল লনের একটি ছবি পোস্ট করে নিজের আনন্দের কথাও প্রকাশ করেছেন মেলানিয়া।
ছবির সঙ্গে তিনি লিখেছেন, আমাদের নতুন বাড়িতে আমরা যেসব স্মৃতি তৈরি করব তার জন্য অধীর অপেক্ষায় আছি।
মেলানিয়ার এ সিদ্ধান্তকে নিশ্চিতভাবেই নিউ ইয়র্ক থেকেও স্বাগত জানানো হয়েছে।
কারণ ট্রাম্প টাওয়ারে বসবাস করা ফার্স্ট ফ্যামেলির নিরাপত্তার জন্য তাদের এতদিন মোটা অংকের অর্থ ব্যয় করতে হয়েছে।
