মোদী-ট্রাম্প বৈঠক ২৬ জুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চলেছেন।
ট্রাম্পের আমন্ত্রণে ২৫-২৬ জুনে ওয়াশিংটন সফরে যাচ্ছেন মোদী। ভারতের পররাষ্ট্রন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে। দুইদেশের নেতার মধ্যে এটিই হবে প্রথম সাক্ষাৎ।
ওবামা প্রশাসনের সময় দুই বড় গণতান্ত্রিক দেশের মধ্যে সম্পর্ক খুব দ্রুত গড়ে উঠেছিল। এশিয়ায় চীনের ক্রমবর্ধমান শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য ভারতকে অংশীদার হিসাবেই দেখছিল যুক্তরাষ্ট্র।
কিন্তু ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির মত আঞ্চলিক সমস্যা সামাল দিতে চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাকেই প্রাধান্য দিয়েছে।
তবে ভারতীয় মন্ত্রণালয় বলছে, “ট্রাম্পের সঙ্গে মোদীর আলোচনা দুই দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের ভিত তৈরি করবে। দু’দেশের সম্পর্কে ভিন্ন মাত্রা যোগ করবে এবং পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আরও গভীর দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিক নির্দেশনা দেবে। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বহুমুখী কৌশলগত অংশীদারিত্বও আরও মজবুত হবে।”
দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি, সন্ত্রাসসহ বিভিন্ন বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন মোদী।
যুক্তরাষ্ট্র ভারতে অস্ত্র সরবরাহকারী শীর্ষ দেশ। সেদিক থেকে চালকবিহীন বিমান (ড্রোন) নিয়ে চুক্তির মত কয়েকটি বিষয়ে চুক্তি করতে পারে দু’দেশ।
এর আগে মোদী এবং ট্রাম্পের মধ্যে তিনবার ফোনে কথা হলেও মুখোমুখি বৈঠকটি ২৬ জুনেই প্রথম হবে। কূটনৈতিক মহল এ বৈঠকরে দিকে তাকিয়ে আছে। ভিসা, আউটসোর্সিং এবং এইচ-ওয়ানবি ভিসা নিয়েও দুই নেতার মধ্যে কী আলোচনা হয় নজর থাকবে সেদিকেও।
