২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের বিধ্বস্ত বিমান থেকে আরও দেহ উদ্ধার

মিয়ানমারের বিধ্বস্ত উড়োজাহাজের আরও আরোহীর মৃতদেহ আন্দামান সাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এ নিয়ে মৃতহেদের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jun 2017, 07:33 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

বিমানে মোট ১২২ জন আরোহী ছিল। সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে ১০৬ জন আরোহী এবং ১৪ জন ক্রু নিয়ে বুধবার দুপুরে দক্ষিণের উপকূলীয় শহর মাইয়েক থেকে রাজধানী ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা হয়েছিল চীনের তৈরি ওয়াই-এইট পরিবহন বিমানটি।

উড্ডয়নের ২৯ মিনিট পর দাভেই শহরের ৭০ কিলোমিটার পশ্চিমে আন্দামান সাগরে থাকা অবস্থায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি তখন ১৮ হাজার ফুট উচ্চতায় ছিল।

পরদিন সেনাবাহিনীর তাদের ফেইসবুক পাতায় এক বিবৃতিতে আন্দামান সাগরে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানায়।

সেখানেই সোমবার এক বিবৃতিতে বলা হয়, নৌ ও আকাশ পথে সোমবার ষষ্ঠ দিনের মত উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ৬২টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

উড়োজাহাজটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে রোববার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয় সেখানে ‘বিশাল আকারের একখণ্ড মেঘ’ দেখা গেছে।

উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর প্রতিবেশী চীনসহ আরও কয়েকটি দেশ উদ্ধার অভিযানে সাহায্য করার প্রস্তাব দিলেও মিয়ানমার সরকার তা ফিরিয়ে দিয়েছে।

এখনও উড়োজাহাজটির কাঠামোর খোঁজ পাওয়া যায়নি।উদ্ধার মৃতদেহগুলো উপকূলীয় শহর দাউইইতে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকজন সেগুলো শনাক্ত করছে।