মস্কোয় বিক্ষোভের আগে ‘পুতিন সমালোচক’ আটক
রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে ‘বিনা অনুমতিতে বিক্ষোভ-সমাবেশ আয়োজনের অভিযোগে’ বাড়িতে আটক রাখা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী।
ইউলিয়া নাভালনায়ার টুইট, “আমাদের ফ্ল্যাটটি যে ব্লকে তার প্রবেশপথ থেকে অ্যালেক্সাইকে গ্রেপ্তার করা হয়। আমাদের পরিকল্পনায় কোনও পরিবর্তন হয়নি।”
বিবিসি জানায়, ১২ জুন সোমবার ‘রাশিয়া ডে’ তে দেশ জুড়ে দুর্নীতি বিরোধী সমাবেশে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যালেক্সাই।
রাশিয়ার পূর্বাঞ্চলে দুর্নীতি বিরোধী বিক্ষোভের সময় বেশ কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিভস্তোক শহরে একটি মিছিল থেকে অন্তত ১০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ব্লাগোভেশচেনস্ক থেকে চার জন এবং কাজান থেকে অন্তত একজনকে গ্রেপ্তার করা হয়।
সুপরিচিত বিক্ষোভকারী ডানিল কেন জানান, সোমবার সেন্ট পিটার্সবুর্গের বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জনগণকে নগরীর ‘চ্যাম্প দে মার্স’ স্কায়ারে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।
তার টুইট, “দয়া করে, আমার জন্য যান।”
সোমবার বিকালে নাভালনিরও রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি সমবেশে যোগ দেওয়ার কথা ছিল।
তাকে স্থানীয় প্রশাসন থেকে মস্কোর সাখারোভা অ্যাভিনিউতে মিছিল করার অনুমতি দেওয়া হয়েছিল বলেও বিবিসি’র প্রতিবেদনে বলা হয়।
কিন্তু বিক্ষোভের আগের দিন সন্ধ্যায় তিনি স্থান পরিবর্তন করে ক্রেমলিনের কাছে বেরস্কায়া স্ট্রিটে বিক্ষোভ সমাবেশ আয়োজনের ঘোষণা দেন।
তবে নাভালনি সমাবেশ স্থল পরিবর্তনের ঘোষণা দিলেও একদল বিক্ষোভকারী সাখারোভা অ্যাভিনিউতেই বিক্ষোভ করবেন বলে জানান। রুশ সরকার সোভিয়েত আমলের অ্যাপার্টমেন্ট ব্লক ভেঙ্গে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে ওই বিক্ষোভকারীরা আন্দোলন করছেন।
বিবিসি জানায়, সরকার থেকে রাশিয়া জুড়ে ১৬৯টি জায়গায় এ ধরনের অ্যাপার্টমেন্ট ব্লক ভেঙ্গে ফেলার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে মার্চে নাভালনির ডাকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল রাশিয়া।
আর ২০১২ সালে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি খবর প্রকাশ করেন নাভালনি। যার ভিত্তিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছিল।
