২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ‘হেইট ক্রাইম’, হিজাব টেনে খোলা হল নারীর

পরপর কয়েকটি রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর যুক্তরাজ্যে ‘হেইট ক্রাইম’ বা ঘৃণাজনিত অপরাধ বেড়েছে। পিটারবরায় হিজাব পরা এক নারীকে এক ব্যক্তি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে তার হিজাব টেনে খুলে ফেলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 08:15 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, পিটারবরার পেনগেট এলাকায় এ ঘটনা ঘটে। হিজাব পরা ওই নারী তার তিন বছরের মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তি তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার হিজাব টেনে খুলে ফেলে তার দিকেই ছুড়ে মারে।

ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলেও ওই নারী আঘাত পাননি বলে জানিয়েছে পুলিশ।

আক্রমণকারী কোনো বিদ্বেষমূলক মন্তব্য না করলেও পুলিশ বিষয়টি ‘ঘৃণাজনিত অপরাধ’ হিসেবে বিবেচনা করে তদন্ত করছে বলে জানায় স্থানীয় দৈনিক পিটারবরা টেলিগ্রাফ।

তিন মাসেরও কম সময়ে লন্ডনে দুইবার এবং ম্যানচেস্টারে একবার ‘ইসলামপন্থি’ সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়।

লন্ডন ব্রিজে হামলার পর নগরীতে মুসলিম-বিদ্বেষী অপরাধ পাঁচগুণ বেড়ে গেছে বলে জানান লন্ডনের মেয়র সাদিক খান। তিনি এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের অপরাধ দমনে পুলিশ ‘শূন্য সহনশীলতা পদ্ধতি’ অবলম্বন করবে।

মুসলিমদের একটি স্কুলে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।