২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল ভবিষ্যদ্বাণী: টিভি লাইভে বই চিবিয়ে খেলেন ব্রিটিশ অধ্যাপক

যুক্তরাজ্যের নির্বাচনে জেরেমি করবিনের দল লেবার পার্টির সম্ভাবনা নিয়ে অনেকের মতই সন্দিহান ছিলেন ইউনিভার্সিটি অফ কেন্টের অধ্যাপক ম্যাথু গুডউইন; তার খেসারত তাকে দিতে হয়েছে টিভি লাইভে নিজের বই চিবিয়ে খেয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 01:54 PM

Updated : 19 Aug 2022, 04:51 PM

টুইটার বা অন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যারা যুক্তরাজ্যের নির্বাচনের দিকে নজর রেখেছেন, তাদের কাছে অধ্যাপক গুডউইন একজন পরিচিত রাজনৈতিক বিশ্লেষক।  

মে মাসের শেষ দিকে জনমত জরিপগুলো যখন করবিনের জনপ্রিয়তার পালে হাওয়া লাগার আভাস দিয়েছিল, এক টুইটে তা উড়িয়ে দেন গুডউইন। তার বক্তব্য ছিল, এসব জরিপ টরিপের ফল আসল ভোটে খাটবে না।

জেরেমি করবিনের অধীনে লেবার পার্টি যদি সত্যিই জনমত জরিপে বলা ৩৮ শতাংশ ভোট পায়, তাহলে অধ্যাপক গুডউইন ব্রেক্সিট নিয়ে তার নতুন বই সানন্দে চিবিয়ে খাওয়ার ঘোষণা দেন ওই টুইটে।   

 

এরপর ৮ জুন ভোট দিল যুক্তরাজ্য। শুক্রবার সকালে তার ফল এল। দেখা গেল, করবিনের দল সবচেয়ে বেশি আসন না পেলেও ৪০ শতাংশ ভোট ঠিকই পেয়েছে।   

মুশকিল হল অধ্যাপক গুডউইনের জন্য। যারা তার সেই টুইটের কথা মনে রেখে দিয়েছেন, তারা এবার সরব হলেন। সোশাল মিডিয়ায় তৈরি হল চাপ। অনেকেই টুইট করে জানতে চাইলেন, ম্যাথু গুডউইন কখন খাবেন তার বই?

 
 

ওই চাপে সাড়া দিলেন অধ্যাপক গুডউইন। শনিবার টুইটারে তিনি জানালেন, চোখ রাখতে হবে স্কাই নিউজে।  

 

আর হ্যাঁ! শনিবার বিকাল সাড়ে ৪টায় যুক্তরাজ্যের টিভি দর্শকরা স্কাই নিউজ খুলে ম্যাথু গুডউইনকে পেলেন লাইভে। হাতে তার সেই বই- ‘ব্রেক্সিট: হোয়াই ব্রিটেন ভোটেড টু লিভ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন’। ওই বইয়ের পৃষ্ঠা তাকে চিবাতে দেখলেন দর্শকরা।

 

সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া এল টুইটারে। একজন লিখলেন, যুক্তরাজ্যে ভোটের প্রভাব নিয়ে কেউ যদি সচিত্র বর্ণনা চান, এর চেয়ে ভালো কিছু আর হয় না।    

 
 

অবশ্য গুডউইনের সেই ভিডিও ফেইসবুকে শেয়ার করে স্কাই নিউজ যে ক্যাপশন দিয়েছে, তাতে তাদের পুরোপুরি সন্তুষ্ট মনে হয়নি।

তারা লিখেছে, “নির্বাচন নিয়ে ভুল পূর্বাভাস দেওয়ার কারণে এই লোক তার বই (কিছু অংশ) স্কাই নিউজের লাইভে চিবিয়ে খেয়েছে।”

আর বিতর্কের শুরু থেকে গুডউইন সম্পর্কিত বেশকিছু টুইট একসঙ্গে জড়ো করে ডেইলি এজ এক প্রতিবেদনে প্রশ্ন তুলেছে, এই অধ্যাপককে বইয়ের পৃষ্ঠা চিবাতে দেখা গেছে। কিন্তু এক টুকরোও কি তিনি গিলেছেন?

অন্যদিকে টিভি লাইভে ‘প্রতিশ্রুতি রক্ষার’ পর গুডউইনের প্রতিক্রিয়া: “কেউ বলতে পারবে না যে আমি যা বলি তা করি না।”  

 

ডেইলি এজ লিখেছে, রাজনৈতিক ধারাভাষ্যকার হিসেবে আরও অনেক ভবিষ্যৎবাণী হয়ত ম্যাথু গুডউইন আগামীতে করবেন, তবে হুট করে বই খাওয়ার চ্যালেঞ্জ তিনি আর দেবেন বলে মনে হয় না।