২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন হামলা: ৩ জঙ্গিকে গুলির দৃশ্য সিসিটিভি ভিডিওতে

লন্ডন ব্রিজে হামলার দিন পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও হামলাকারীদের গুলি করার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 08:42 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

গত ৩ জুন রাত ১০টার দিকে তিন জঙ্গি প্রথমে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর ভ্যান চালিয়ে দেয় এবং তারপর ছুরি হাতে চড়াও হয় পাশের বারা মার্কেট এলাকায়।

লন্ডনের ওই এলাকা রেস্তোরাঁ ও পাবের জন্য পরিচিত। শনিবার উইকএন্ডের রাতে বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন; তাদের মধ্যে ছিলেন বিদেশিরাও।

ওই হামলায় আটজন নিহত হন, আহত হন আরও অর্ধশতাধিক মানুষ। আইএস হামলার দায় স্বীকার করে বার্তা পাঠায়।

ব্রিটিশ পুলিশের ভাষ্য, তারা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিন হামলাকারী তাদের গুলিতে নিহত হয়।

ওই অভিযানের যে সিসিটিভি ভিডিও রয়টার্স প্রকাশ করেছে, সেখানে বারা মার্কেট এলাকার একটি পাবের সামনে তিন হামলাকারীকে গুলি করতে দেখা যায় পুলিশ সদস্যদের।

টেলিগ্রাফ লিখেছে, ওই পাবের দরজা সে সময় ভেতর থেকে বন্ধ ছিল। ভিডিওতে এক হামলাকারীকে দেখা যায় এক পথচারীর ওপর চড়াও হতে। এরপর আরও দুইজন হামলায় যোগ দেয় এবং সেই পথচারী রাস্তায় লুটিয়ে পড়েন।

ওই সময়ে পুলিশের একটি গাড়ি সেখানে উপস্থিত হয় এবং অস্ত্র হাতে পুলিশ সদস্যরা বেরিয়ে আসেন।

হামলাকারীদের মধ্যে একজন পুলিশের ওপর চড়াও হলে ওই পুলিশ সদস্য গুলি শুরু করেন। এরপর বাকি দুই জঙ্গিও পুলিশের গুলিতে নিহত হয়।

 

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, মোট আটজন পুলিশ সদস্য ওই অভিযানে অংশ নেন এবং তারা মোট ৪৮ রাউন্ড গুলি ছোড়েন। তিন হামলাকারীকে পুলিশ নিষ্ক্রিয় করে ৬০ সেকেন্ডের কম সময়ের মধ্যে।