যুক্তরাজ্যে ভোটকেন্দ্রের বাইরে আলোকচিত্রীদের ধাক্কাধাক্কি
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্যে একটি কেন্দ্রের বাইরে আলোকচিত্রীদের ধাক্কাধাক্কির ভিডিও ভিন্ন আমেজ এনেছে।
নতুন নেতা বেছে নিতে বৃহস্পতিবার সকাল থেকে ভোট দিচ্ছে যুক্তরাজ্যের মানুষ। এরই মধ্যে ইংল্যান্ডের উত্তর পশ্চিম অংশে কাম্ব্রিয়া এলাকায় ঘটে ওই ঘটনা।
মেট্রো নিউজের খবরে বলা হয়, লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা টিমোথি ফেরন ওই ভোটকেন্দ্রে ঢোকার পর আলোকচিত্র সাংবাদিকরা তার ছবি তোলার জন্য বাইরে অপেক্ষা করছিলেন।
একটু সামনে দাঁড়ালে যদি ভালো ছবি পাওয়া যায় এই আশায় তাদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি আর টানা হেঁচড়া। এক পর্যায়ে একজনকে ধপাস করে উল্টে পড়তেও দেখা যায়।
এর পরপরই টিম ফেরন সেখানে হাজির হলে ধাক্কাধাক্কি থামে। কিন্তু পরিস্থিতি দেখে লিবারেল ডেমোক্র্যাট নেতা সেখানে না থেমে অন্য পথ ধরেন।
বাংলাদেশের মানুষ ভোটের দিন কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই এবং রক্তক্ষয়ী সংঘাতের সঙ্গে পরিচিত হলেও যুক্তরাজ্যের মানুষের জন্য কাম্ব্রিয়ায় সাংবাদিকদের ওই টানাহেঁচড়াই বড় ঘটনা। বিবিসি ওই ভিডিও প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটের হোমপেইজে।
টুইটারে ওই ভিডিওর মন্তব্যে একজন রসিকতা করে লিখেছেন, “মোস্ট এক্সাইটমেন্ট কাম্ব্রিয়া হ্যাজ এভার সিন।”
