মারাউয়িতে পিছু হটছে ইসলামপন্থি জঙ্গিরা: ফিলিপিন্স
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মারাউয়ি শহরের একটি অংশ দখল নেওয়া ইসলামপন্থি জঙ্গিরা সেনা অভিযানের মুখে পিছু হটতে শুরু করেছে। তাদের প্রতিরোধ কমে এসেছে এবং কিছু জঙ্গি লড়াই ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্সের সামরিক কর্মকর্তারা।
সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল এদুয়ারো আনো এএনসি টিভি কে বলেন, “আর কয়েকদিনের মধ্যেই অভিযান শেষ হতে পারে।”
ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য স্বীকার করা জঙ্গিদের শহর অবরোধের ১৭ তম দিনে বৃহস্পতিবার জেনারেল এদুয়ারো একথা বললেন।
দুই সপ্তাহ আগে মারাউয়ির একটি অংশ দখল নেওয়া এ জঙ্গিরা শহরটির মসজিদগুলোতে ভারী অস্ত্রশস্ত্র ও খাবার মজুদ করে এবং টানেল বানিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি শুরু করে।
শহরটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে অন্তত ১ লাখ ৮০ হাজার মানুষ শহরটি থেকে সরে যেতে বাধ্য হয়েছে।
মারাউয়ির এ লড়াই থেকে এমন উদ্বেগই সৃষ্টি হয়েছে যে, সিরিয়া এবং ইরাকে পিছু হটতে থাকা আইএস ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে আঞ্চলিক ঘাঁটি গাড়ছে এবং এখান থেকে জঙ্গি দলটি প্রতিবেশী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
কর্মকর্তারা বলছেন, ২৩ মে তে মারাউয়িতে অবস্থান নেওয়া কয়েকশ’ জঙ্গির মধ্যে প্রায় ৪০ জন বিদেশি যোদ্ধা আছে। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এমনকি ভারত, সৌদি আরব, মরোক্কো এবং চেচনিয়ার যোদ্ধাও রয়েছে।
মারাউয়িতে আঞ্চলিক সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল কার্লিটো গালভেজ বলেছেন, সরকারি বাহিনী তিনটি এলাকায় প্রবেশ করেছে এবং জঙ্গিরা দু’সপ্তাহের প্রতিরোধ লড়াইয়ের পর সেসব জায়গা থেকে পিছু হটে গেছে।
মারাউয়িতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জঙ্গিদের প্রতিরোধ ভেঙে পড়েছে বলেই আমরা মনে করছি এবং খুব শিগগিরই লড়াই শেষ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি।”
ফিলিপিন্সের সামরিক বাহিনীর মুখপাত্র রেস্টিটুটো পাদিলা এক বেতার সাক্ষাৎকারে বলেন,“লড়াইয়ে সক্ষম না হওয়ায় কিছু জঙ্গি পালিয়ে গেছে। ৯ জন আত্মসমর্পণ করেছে এবং গোয়েন্দা তথ্যও দিচ্ছে।”
