২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারকে সহানুভূতি দেখালে জেলের হুমকি আমিরাতে 

কাতারকে কোনওরকম সহানুভূতি দেখালে জেলে যেতে হবে। এ সাজা হতে পারে ১৫ বছর পর্যন্ত। নাগরিকদের এমনই হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jun 2017, 09:10 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

ইউএই’র পত্রিকা গাল্ফ নিউজ এবং আরবীয় নিউজ চ্যানেল আল-আরাবিয়া বুধবার এ খবর দিয়েছে।

আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে গত সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর। দেশগুলোর অভিযোগ, ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে ‘মদদ দিচ্ছে’ কাতার।

আরব আমিরাতের এটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসির উদ্ধৃতি দিয়ে গাল্ফ নিউজ বলেছে, “কাতারের প্রতি কেউ কোনও ধরনের সহানুভূতি কিংবা পক্ষপাতদুষ্টতা দেখালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাতারের বিরুদ্ধে আরব আমিরাতের অবস্থান নিয়ে কেউ আপত্তি তুললেও তার বিরুদ্ধে নেওয়া হবে একই ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক কিংবা লিখিত আকারে বা ভিডিওর মাধ্যমে কিংবা মৌখিক যে কোনওভাবেই হোক এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করা যাবে না।”

নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীর সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হওয়া ছাড়াও তার কমপক্ষে পাঁচ লাখ দিরহাম জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে খবরে৷