২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার সংকট সমাধানে মধ্যস্থতা করবে কুয়েত

কাতারের সঙ্গে সৌদি আরবসহ সাতটি দেশ সম্পর্ক ছিন্ন করায় যে সংকট দেখা দিয়েছে তা নিরসনে মধ্যস্থতা করার উদ্যোগ নিচ্ছে কুয়েত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 06:29 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

কুয়েতের আমির মঙ্গলবারই সংকট সমাধানের আশা নিয়ে সৌদি আরবে যাচ্ছেন।

আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর। দেশগুলোর অভিযোগ, ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে ‘মদদ দিচ্ছে’ কাতার।

ইয়েমেন বাদে বাকি দেশগুলো কাতারের সঙ্গে আকাশ, নৌ ও সড়ক পথে যোগাযোগ স্থগিতের ঘোষণাও দিয়েছে। কাতার ভিত্তিক বিমান কোম্পানির উড়োজাহাজের তাদের আকাশসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিশর।

ওদিকে, সৌদি আরবের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সোমবার তাদের বিমানবন্দরে কাতারের সব ধরনের উড়োজাহাজ উঠানাম নিষিদ্ধ করেছে। এমনকি তাদের আকাশসীমা ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ পরিস্থিতিতেই কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ সংকট নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সৌদি আরবে বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন বলে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।

কাতার সংকট সমাধানে কূটনৈতিক আলোচনার উদ্যোগকে সমর্থন জানিয়েছে এবং কুয়েত সমস্যা সমাধান করতে পারবে বলে আশা প্রকাশ করেছে।