২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে হামলাকারী তৃতীয়জন মরোক্কো-ইতালিয়ান

লন্ডন ব্রিজ ও বারা মার্কেট এলাকায় শনিবার রাতে সন্ত্রাসী হামলা চালানো তৃতীয়জন মরোক্কো-ইতালীয় বংশোদ্ভুত। নাম ইয়োসেফ জাঘবা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jun 2017, 05:59 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

ইতালির এক তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।

১৯৯৫ সালে মরোক্কোর ফেজ শহরে জাঘবার জন্ম। তার মা ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলোগনায় থাকেন।

এই বোলোগনা শহরেরই বিমানবন্দরে ২০১৬ সালে জাঘবাকে আটকানো হয়। তিনি তুরস্ক হয়ে সিরিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। ইতালি কর্তৃপক্ষ তার চলাফেরা সম্পর্কে ব্রিটেনকে গোপন তথ্য দিয়েছিল। 

ব্রিটিশ পুলিশ সোমবার লন্ডনে হামলাকারী দুইজনের নাম প্রকাশের পর এবার তৃতীয়জনের নাম জাঘবা বলে নিশ্চিত করে জানিয়েছে।

জাঘবার বাবা-মা একসঙ্গে মরোক্কোতে থাকতেন। পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর জাঘবার মা ইতালিতে চলে যান।

জাঘবা ২০১৬ সালে বোলোগনা বিমানবন্দরে আটক হওয়ার পর আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতায় জড়িত সন্দেহে তার বিরুদ্ধে তদন্ত হয়েছে। তবে তাকে পরে ছেড়ে দেওয়া হয়।

তারপরও ইতালি তাকে ঝুঁকিপূর্ণ মানুষের তালিকায় রেখেছিল এবং মরোক্কো ও ব্রিটিশ কর্তৃপক্ষকে তার চলাফেরা সম্পর্কে তথ্য দিয়েছিল।