২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন হামলা নিয়ে বিপাকে টেরিজা মে

লন্ডনের প্রাণকেন্দ্রে শনিবারের হামলা নির্বাচনের আগে বিপাকে ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী টেরিজা মে কে। হামলার পর সোমবার নির্বাচনী প্রচারের শুরুতেই সামনে চলে এসেছে মে’র পুলিশ কাটছাঁটের অতীত রেকর্ড। জনমত জরিপগুলোতে তার জনসমর্থনও ক্রমশ কমতে দেখা যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 11:30 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

নিরাপত্তার ব্যাপারে মে’র রেকর্ড নিয়ে উদ্বিগ্ন অনেক মানুষই তার পদত্যাগ দাবি করেছেন। তাদের সঙ্গে সুর মিলিয়েছেন প্রধান বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনও।

যুক্তরাজ্যে গত তিন মাসেরও কম সময়ে তিন তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। স্বাভাবিকভাবেই দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ শনিবার রাতে লন্ডন ব্রিজ ও পাশের বারা মার্কেটে হামলায় সাত জন নিহত এবং আরও ৪৮ জন আহত হয়। আহতদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।

সেখানে তিন হামলাকারী একটি ভ্যান নিয়ে এবং ছুরি হাতে মাত্র ৮ মিনিটে রক্তাক্ত এই তাণ্ডব চালায়।

নির্বাচনের একেবারে আসন্ন সময়ে এ হামলা নিয়ে রাজনৈতিক বিতর্ক বাড়তে থাকায় বিগত বছরগুলোতে মে’র পুলিশ কমানোর বিষয়টি এখন নতুন করে নির্বাচনী আলোচ্যসূচির শীর্ষে উঠে এসেছে।

২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে ইংল্যান্ড এবং ওয়েলসে পুলিশ কর্মকর্তার সংখ্যা প্রায় ২০ হাজার কমিয়েছিলেন। মে’র নেতৃত্বধীনেই পুলিশের সংখ্যা এত কমেছিল। আর এখন তিনি নিরাপত্তায় সমস্যার কথা বলছেন, এটি নিয়ে বহু মানুষই উদ্বেগ প্রকাশ করেছে।

লেবার নেতা লন্ডনের মেয়র সাদিক খানও বিষয়টি নিয়ে কথা তুলেছেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “গত সাত বছরে একটি নগর হিসেবে আমরা (লন্ডন) আমাদের বাজেট থেকে প্রায় ৬০ কোটি পাউন্ড হারিয়েছি। পুলিশ স্টেশন বন্ধ হয়েছে। পুলিশ ভবন বিক্রি হয়েছে। পুলিশ কর্মকর্তার সংখ্যাও অনেক কমেছে।”

গার্ডিয়ান পত্রিকার তথ্যানুযায়ী, ইংল্যান্ড এবং ওয়েলসে পুলিশ কর্মকর্তার সংখ্যা এক লাখ ৪৪ হাজার ৩৫৩ থেকে কমে ২০১৬ সালে দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৮৫৯ জনে।

অর্থাৎ, গত ছয় বছরে সড়কগুলোতে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশের সংখ্যা ২০ হাজারের বেশি কমে গেছে। ওই সময়ে বিশেষ সশস্ত্র পুলিশ কর্মকর্তার সংখ্যা ৬৭৯৬ থেকে কমে ৫৬৩৯ জন হয়েছে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মে। সোমবার নির্বাচনী সমাবেশে প্রশ্ন-উত্তর পর্বে মে কে বারবার পুলিশের বরাদ্দ কমানো নিয়ে প্রশ্ন করা হয়।

যদিও মে প্রতিবারই বলেছেন, তার ওই সিদ্ধান্ত ভুল ছিল না। তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাস-দমন পুলিশের বাজেট ঠিকঠাকই আছে এবং সরকার অস্ত্রধারী পুলিশের সংখ্যা বাড়িয়েছে।

অন্যদিকে, নিজের নির্বাচনী সমাবেশে লেবার নেতা করবিন ব্যঙ্গ করে বলেন, পুলিশ ফেডারেশন থেকে জনগণের নিরাপত্তা নিয়ে সতর্ক করার পরও মে ‘সস্তায় জনগণকে সুরক্ষা দেওয়ার’ চেষ্টা করছেন।

মে’র পদত্যাগের দাবি তিনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে করবিন বলেন, “অবশ্যই আমি করি, কারণ খুবই দায়িত্বশীল লোকজন এই দাবি করেছেন। তারা উদ্বিগ্ন, কারণ এই পুরো সময়ে তিনি (মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং পুলিশের সংখ্যা কমিয়েছেন। আর এখন তিনি বলছেন, আমরা সংকটে পড়েছি। হ্যাঁ, আমরা সংকটে পড়েছি। আমাদের কখনওই পুলিশের বরাদ্দ কমানো উচিত হয়নি।”

সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সহযোগী স্টিভ হিলটনও স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় পুলিশের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে মে’র সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন।

৮ জুন যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন।

শনিবারের হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানাতে নির্বাচনী প্রচারে একদিনের বিরতির পর সোমবার থেকে সব দল আবারও পুরোদমে মাঠে নেমে পড়েছে।

এপ্রিলে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর জনমত জরিপগুলোতে স্পষ্ট ব্যবধানে প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির চেয়ে এগিয়ে ছিল মে’র দল কনজারভেটিভ পার্টি।

কিন্তু সময় যত গড়িয়েছে, দুই দলের ব্যবধান কমেছে।

যদিও এখনও জরিপগুলো কনজারভেটিভ পার্টির বেশি আসন পাওয়ার আভাসই দিচ্ছে। তবে গত নির্বাচনের মত কনজারভেটিভদের একক সংখ্যাগোরিষ্ঠতা না পাওয়ার কথা বলছে।