জঙ্গিবাদ কঠোর হাতে দমন করবে যুক্তরাজ্য
যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনের মাত্র চারদিন আগে লন্ডন ব্রিজে রক্তাক্ত সন্ত্রাসী হামলায় ঘটনায় ইসলামপন্থি জঙ্গিদের কঠোর হাতে দমনের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে।
হামলার পর ডাউনিং স্ট্রিটের বাইরে এক বক্তৃতায় মে বলেন, “যথেষ্ট হয়েছে, যথেষ্ট। সবকিছু যেভাবে চলছে সেভাবে চলতে দিতে পারি না, দেওয়াও যাবে না।”
শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে একটি ভ্যান চালিয়ে দেয় তিন হামলাকারী। এর পরপরই তারা সাদা রঙের ওই ভ্যান থেকে ছুরি হাতে বেরিয়ে আসে এবং কাছের বারা মার্কেট এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালায়।
হামলাকারীদের লক্ষ্য করে পুলিশ ৫০ বুলেট ছোড়ে। এতে একজন সাধারণ মানুষও আহত হয়। হামলাকারীদের মারতে এত বেশি সংখ্যক রাউন্ড গুলি ছোড়া ‘নজিরবিহীন’, বলেছেন সন্ত্রাস বিরোধী এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
হামলায় সাত জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে কানাডার একজন নাগরিক আছেন বলে নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রেস অ্যাসোসিয়েশন নিউজ এজেন্সি জানিয়েছে, আহতদের ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী মে আহতদের দেখতে হাসপাতালে গেছেন।
হামলায় জড়িত সন্দেহে পূর্ব লন্ডনের বার্কিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। ওই ফ্ল্যাটটি তিন হামলাকারীর মধ্যে একজনের বলে জানা গেছে। বার্কিংয়ের আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
লন্ডন ব্রিজে হামলার পর রোববার সকালে হোয়াইট হলে জ্যেষ্ঠ মন্ত্রী ও যুক্তরাজ্য সরকারের জরুরি নিরাপত্তা বিষয়ক কোবরা কমিটির প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী মে।
যুক্তরাজ্যের সন্ত্রাস-বিরোধী কৌশল পুনর্বিবেচনার পাশাপাশি চরমপন্থিদের জন্য ইন্টারনেট আর ‘নিরাপদ’ থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
লন্ডন ব্রিজে হামলার পর পূর্ব লন্ডনের একটি ফ্ল্যাটে অভিযানের সময় দায়িত্বরত সাদা পোশাকের পুলিশ। ছবি: রয়টার্স
এর আগে গত ২২ মে রাতে ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী হামলায় শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়। আর মার্চে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে হামলার ঘটনায় নিহত হয় ৫ জন।
প্রধানমন্ত্রী মে রোববার বলেছেন, “ওয়েস্টমিনস্টার, ম্যানচেস্টার এবং লন্ডন ব্রিজে তিনটি হামলার ঘটনা পৃথক হলেও তিনটি ঘটনাতেই একই ইসলামপন্থি জঙ্গিবাদের অশুভ আদর্শের প্রতিফলন ঘটেছে।”
যুক্তরাজ্যে জঙ্গি হামলা মোকাবেলায় যথেষ্টই অগ্রগতি হয়েছে। পুলিশ এর আগে বেশ কিছু হামলার সম্ভাবনা নস্যাৎ করেছে বলে স্বীকার করে নিলেও মে বলেন, “আমাদের দেশ এখনও চরমপন্থার ক্ষেত্রে অনেক বেশি ষহিষ্ণু।”
সর্বসাম্প্রতিক হামলাকে অনেক বেশি বর্বরোচিত উল্লেখ করে মে বলেন, “চরমপন্থাকে পরাজিত করতে হবে। সবকিছু যেভাবে চলছে সেভাবে আমরা আর চলতে দিতে পারি না। যথেষ্ট হয়েছে।”
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় লন্ডন ব্রিজে হামলা:
লন্ডন ব্রিজে হামলার প্রত্যক্ষদর্শীদের একজন ৫৩ বছরের মার্ক রবার্টস।
তিনি বলেন, প্রথমে সাদা একটি ভ্যান ব্রিজের ফুটপাতে হাঁটতে থাকা মানুষের ওপর তুলে দিয়ে হামলাটি শুরু করা হয়।
“মনে হচ্ছিল চালক নির্দিষ্ট করে একটি দলকে লক্ষ্য করেছিল। আমি স্থানুর মত দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ বুঝতে পারছিলাম না কি করা উচিত,” বলেন রবার্টস।
হামলাকারীরা ভ্যানটি ফুটপাতে তুলে দেওয়ার পর অন্তত ছয়জনকে মাটিতে পড়ে থাকতে দেখেন রবার্টস।
হামলাকারীরা এরপর ছুরি হাতে বারা মার্কেট এলাকায় নারী-পুরুষ সবার উপর নির্বিচারে হামলা চালায় বলে জানান তিনি।
গেরার্ড নামে আরেক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, “ঘটনার পর আমি এক বৃদ্ধকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, যিনি বলছিলেন তাকে ছুরি মারা হয়েছে।”
তিন মুসলিম হামলাকারীকে এক বালিকাকে একের পর এক ছুরি মারে বলেও জানান তিনি।
বলেন, “তারা ওই মেয়ের ওপর হামলা চালায় এবং আরেক ব্যক্তিকে ছুরি মারে। তারা রাস্তার উপর দৌড়ে সরাইখানার এক বাউন্সারকে ছুরি মারে।
“আমি তাদের দিকে বোতল, বিয়ারের গ্লাস, চেয়ার, টুল সব ছুঁড়ে মারছিলাম, তবুও আমি ছিলাম অসহায়। তারা দৌঁড়ে আসছিল আর বলছিল, ‘এগুলো আল্লাহর জন্য’,”।
লন্ডনের বারা মার্কেট এলাকায় সন্ত্রাসী হামলার পর হতাহতদের স্মরণে সেখানে ফুল দেয় অনেকে। ছবি: রয়টার্স
গেরার্ডের দাবি, তার ছুঁড়ে মারা জিনিস এক হামলাকারীর পেছনদিকে আঘাত করলে হামলাকারী তাকে ধাওয়া দেয়, তবে শেষপর্যন্ত তিনি অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হন।
পুলিশের প্রতিরোধ:
হামলা শুরুর ৮ মিনিটের মাথায় বারা মার্কেট এলাকায় তিন হামলাকারীকে গুলি করে হত্যা করে পুলিশ।
বিবিসি জানায়, অফ-ডিউটিতে থাকা একজন পুলিশ কর্মকর্তা সবার প্রথম হামলাকারীদের আটকাতে এগিয়ে যান। ছুরিকাঘাতে তিনি মারাত্মক আহত হয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া, আরও একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা লাঠি হাতে হামলাকারীদের আটকাতে গিয়ে আহত হন। তাকে বেশ কয়েকবার ছুরি মারা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
এ হামলায় আরও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানিয়েছে বিবিসি।
যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা:
লন্ডনে সন্ত্রাসী হামলার পরও জাতীয় নির্বাচন পূর্ব নির্ধারিত ৮ জুনেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী মে।
তিনি বলেন, “নৃশংসতাকে কখনওই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না।”
তিনি বিশেষভাবে উল্লেখ করে বলেন, সোমবার থেকে আবারও পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে।
প্রধান বিরোধীদলের লেবার নেতা জেরেমি করবিন বলেন, হামলার খবরে তিনি ‘খুবই আহত হয়েছেন এবং আতঙ্কিত বোধ করছেন’।
“কিন্তু যদি আমরা এই ধরনের হামলাকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে দেই তবে আমরা সবাই হেরে যাব।”
যুক্তরাজ্যের পাশে বিশ্বনেতারা:
লন্ডনে সন্ত্রাসী হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা।
হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তারা যুক্তরাজ্যের পাশে থাকার দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।
ঘটনার পরপরই এক টুইট বার্তায় হামলার তীব্র নিন্দা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
“লন্ডন ও যুক্তরাজ্যের জন্য যা করা প্রয়োজন যুক্তরাষ্ট্র তা করতে প্রস্তুত। আমরা তোমাদের সাথে আছি, ঈশ্বর সহায় হোন,” এক টুইটে বলেন ট্রাম্প।
এই সুযোগে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ছয় মুসলিম দেশের ওপর জারি করা ভ্রমন নিষেধাজ্ঞার পক্ষে নিজের অবস্থানের কথা ফের উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের আদালত এই নিষেধাজ্ঞা কার্যকর স্থগিত করলেও শেষ পর্যন্ত তার পক্ষেই রায় দেবে বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি।
লন্ডনে হামলার পর যুক্তরাজ্যের পাশে থাকার ঘোষণা এসেছে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর কাছ থেকেও।
এক বিবৃতিতে তিনি আগের যে কোনো সময়ের তুলনায় ফ্রান্স আরো দৃঢ়ভাবে যুক্তরাজ্যের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
কমনওয়েলথ দেশভুক্ত নেতারাও ম্যানচেস্টারে হামলার মাত্র কয়েকদিনের মাথায় লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।
“আজ (শনিবার) লন্ডন থেকে ভয়াবহ এক সংবাদ এসেছে; আমরা ঘটনা পর্যবেক্ষণ করছি,” ঘটনার পরপরই টুইটারে বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, “লন্ডনে জঘন্য সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সব সময়ের মতো আজও ব্রিটেনের জনগণের জন্য প্রার্থনা ও দেশটির প্রতি দৃঢ় সংহতি জানাচ্ছি।”
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশও যুক্তরাজ্যে হামলার নিন্দা জানিয়েছেন।
“অনেক প্রাণ নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা, যা নিরপরাধ মানুষদের যন্ত্রণা ও দুর্ভোগ বাড়াচ্ছে,” বলেন বিল।
ইউরোপ থেকে দেশে ফেরার পর এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
তিনি বলেছেন, সভ্যতা ও গণতন্ত্রে সন্ত্রাসবাদের স্থান নেই।
পোপ ফ্রান্সিস বিশ্ব জুড়ে ক্যাথলিকদের লন্ডন ব্রিজে হামলায় হতাহতদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
লন্ডন ব্রিজে হামলায় পর ওয়েস্টমিনিস্টারে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ছবি: রয়টার্স
লন্ডন ব্রিজে হামলায় হতাহতদের স্মরণে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১ টা যুক্তরাজ্য জুড়ে এক মিনিট নিরবতা পালন করা হবে। এছাড়া রোববার থেকেই দেশটির সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে।
সন্ত্রাসের হুমকি বাড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন
একের পর এক হামলার ঘটনায় সন্ত্রাসের হুমকি বাড়তে থাকার মধ্যে শনিবারের হামলাটি যুক্তরাজ্যে নতুন করে রাজধানীকে ঘিরে নিরাপত্তার বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করবে।
লন্ডনের মেয়র সাদিক খান হামলার ঘটনায় পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশংসা করেছেন। পাশাপাশি লন্ডনবাসীকে শান্ত ও সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন।
মেয়র হওয়ার পর থেকে এই দ্বিতীয়বারের মত তিনি সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জনগণের সামনে বক্তব্য রাখলেন। আর আগেরবারের মত এবারও তিনি জোরের সঙ্গেই বলেছেন, লন্ডন বিশ্বের শহরগুলোর মধ্যে অন্যতম একটি নিরাপদ শহর। পুলিশ আর জরুরি সেবা বিভাগ তৎপর হওয়ার কারণেই লন্ডন নিরাপত বলে সিএনএন কে জানান তিনি।
“আগামী দিনগুলোতে লন্ডনবাসী এবং দর্শণার্থীরা শহরে আরও বেশি পুলিশ উপস্থিতি দেখবে এবং সশস্ত্র পুলিশ প্রহরাও দেখতে পাবে” বলে জানান তিনি।
