ম্যানিলায় হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ
ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার ক্যাসিনোতে হামলাকারীর পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সে ফিলিপিন্সের নাগরিক। নাম জেসি জাভিয়ের কার্লোস।
পুলিশ জানায়, জুয়া খেলার বদঅভ্যাসের কারণে কার্লোস ঋণের দায়ে জর্জরিত ছিল। তবে সন্ত্রাসীদের সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না।
যদিও ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
গত শুক্রবার সকালে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা নামের একটি ক্যাসিনো থেকে পুলিশ ৩৬ জনের মৃতদেহ উদ্ধার করে, যাদের অধিকাংশই ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়।
ক্যাসিনো থেকে আরও অর্ধশতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ম্যানিলা পুলিশ প্রধান অস্কার আলবায়ালদে সাংবাদিকদের বলেন, ক্যাসিনোতে হামলাকরী একজনই ছিল বলে বিশ্বাস পুলিশের।
তিনি বলেন, “কার্লোসের পরিবার জানিয়েছে, ক্যাসিনোতে নিয়মিত জুয়া খেলার কারণে সে ঋণেরভারে ডুবে ছিল।”
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই ব্যক্তি ক্যাসিনোতে ঢুকে অ্যাসল্ট রাইফেল দিয়ে টিভি মনিটরের দিকে গুলি চালাতে শুরু করলে লোকজন আতঙ্কে ছুটতে থাকে।
ওই বন্দুকধারী এরপর ক্যাসিনোর টেবিলে আগুন ধরিয়ে দেয় এবং জুয়ায় ব্যবহৃত প্রায় ২৩ লাখ ডলার সমমূল্যের চিপস ব্যাগে ভরে নেয়।
ফিলিপিন্সের পুলিশ প্রধান রোনাল্ড দেলা রোসা বলছেন, বন্দুকধারী পরে চিপস ভর্তি ব্যাগ রেখেই ক্যাসিনো ছেড়ে বেরিয়ে যায় এবং ওই রিসোর্টের একটি কক্ষে ঢোকে।
সেখানে সে বিছানায় শুয়ে নিজেকে পেট্রোলে ভেজানো কম্বলে জড়িয়ে নেয় এবং আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি ওই ব্যক্তি নিজের শরীরে গুলিও চালায় বলে রিসর্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।
