২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে পদদলিত হয়ে আহত  ১৫০০

ইতালির তুরিন শহরে পিজা সান কার্লো সেন্টারের টেলিভিশনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপভোগের সময় হঠাৎ করেই বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রায় দেড়হাজার মানুষ আহত  হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 08:28 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গুরুতর আহত অন্তত সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সাত বছরের এক শিশুসহ অন্তত তিন জনের অবস্থা গুরুতর।

শনিবার কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্পেনের দল রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে ইতালির দল ইউভেন্তুসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জেতে।

বিবিসি জানায়, ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে হঠাৎ করেই আতশবাজির শব্দ থেকে বিস্ফোরণের গুজব ছড়িয়ে পড়ার পর সবাই একসঙ্গে হুড়মুড় করে পিজা সান কার্লো সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে।

আহতদের বেশিরভাগেরই হাত বা পা কেটে গেছে।

তবে গুরুতর আহত সাত বছরের বালকটি মাথায় ও বুকে আঘাত পেয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার সময় সে পড়ে গিয়েছিল এবং অনেক লোক তাকে মাড়িয়ে দেয়।

ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করায় অনেকে পুলিশকে দোষারোপ করেছে।