২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে তাইওয়ানের কাছে ‘গণতন্ত্রের দীক্ষা নেওয়ার’ পরামর্শ

চীনকে তাদের কাছ থেকে গণতন্ত্রের দীক্ষা নিতে পরামর্শ দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jun 2017, 12:22 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

রোববার তিয়েনআনমেন স্কয়ারে চীনের গণতন্ত্রপন্থিদের দমনাভিযানের ২৮তম বার্ষিকীতে ফেইসবুক ও ট্যুইটারে করা মন্তব্যে এসব পরামর্শ দেন প্রেসিডেন্ট সাই।

চীনকে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করারও প্রস্তাব দিয়ে তিনি বলেন, চীন ও তাইওয়ানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গণতন্ত্র ও স্বাধীনতায়।

“অনেকে আগেই গণতন্ত্রকে বরণ করে নেয়, অন্যান্যরা দেরি করে, কিন্তু শেষে আমরা সবাই গণতন্ত্রের ছায়াতলে আশ্রয় নেই,” বলেন তিনি।

রোববার নিজের ফেইসবুক পেইজে চীনা ভাষায় এবং টুইটারে ইংরেজি ভাষায় এসব মন্তব্য করেন তিনি।

১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে সমবেত সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান চালায় চীনের নিরাপত্তা বাহিনী। এ সময় কয়েক হাজার লোক হতাহত হয়। গ্রেপ্তার হয় আরও শত শত মানুষ।

চীনের মূল ভূখন্ডে দিবসটি কখনো প্রকাশ্যে পালন করতে দেয়া না হলেও প্রতিবছরই দিবসটি পালন করে আসছে হংকং (১৯৯৭ সালে চীনা শাসনে ফেরা) এবং তাইওয়ান (যাকে চীন তাদের অংশ বলে দাবি করে আসছে) ।

রোববার বিকেলে হংকংয়ের হাজার হাজার লোক জমায়েত হয়ে তিয়েনআনমেন দিবসটি স্মরণ করবে বলে ধারণা করা হচ্ছে। এটি চীনের একমাত্র স্থান যেখানে দিবসটি উপলক্ষ্যে হাজার হাজার লোক জড়ো হতে পারে। 

সাইয়ের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হলে চীনের তাইওয়ান সম্পর্কিত দপ্তর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

তিয়েনআনমেন দিবসের বার্ষিকীতে সাই আরও বলেন, “আমার বিশ্বাস, তাইওয়ানের অভিজ্ঞতা ধার করলে চীনের গণতান্ত্রিক সংস্কারের যন্ত্রণা অনেক কমে যাবে।

“যখন গণতন্ত্র আপনার সামনে থাকবে, কোনো দেশই পেছনে ফিরতে পারবে না।”

বর্তমানে চীনের সঙ্গে তাইওয়ানের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, এই সময়টিকেই এসব পরামর্শ দেওয়ার জন্য বেছে নিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট।

সাই এবং তার ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টিকে বিশ্বাস করে না চীন, কারণ ঐতিহ্যগতভাবে এই দলটি তাইওয়ানের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে পরিচিত।

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। দ্বীপটি স্বাধীনতা ঘোষণা করলে বলপ্রয়োগে দ্বীপটিকে চীনের অন্তর্ভূক্ত রাখা হবে বলে খোলাখুলি ঘোষণা করেছে বেইজিং। 

১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধে একমাত্র তাইওয়ানই চীনের জাতীয়তাবাদীদের নিয়ন্ত্রণে থাকে। এখানে দীর্ঘ ৪০ বছর সামরিক আইন জারি করে রেখেছিল তারা।

১৯৮০-র দশকের শেষ দিকে এসে দ্বীপটিতে গণতান্ত্রিক রূপান্তর শুরু হয় এবং ১৯৯৬ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।