২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ছুরিকাঘাতে মুসলিম কিশোর নিহত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি রাস্তায় ছুরিকাঘাতে আব্দিরহমান মোহাম্মদ নামের ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 10:21 AM

Updated : 11 Apr 2022, 11:42 PM

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার পরপরই দক্ষিণ লন্ডনের পেকহ্যাম এলাকার সাউথহ্যাম্পটন সড়কে টেসকো এক্সপ্রেস স্টোরের কাছে তাকে ছুরিকাঘাত করা হয়।

বাঁচিয়ে রাখার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসা কর্মীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ আছে কি না তা খুঁজে দেখছে পুলিশ।

নিহত আব্দিরহমান পেকহ্যামের পার্শ্ববর্তী ক্যাম্বারওয়েলের বাসিন্দা। তাকে নিয়ে চলতি বছর লন্ডনে ছুরিকাঘাতে নিহত কিশোরের সংখ্যা আটজনে দাঁড়াল।

আব্দিরহমানের মৃত্যুতে তার পরিবার সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান পরিদর্শক ডিয়ানি টুডওয়ে। 

এই হত্যার উদ্দেশ্য পরিষ্কার নয় জানিয়ে তিনি বলেছেন, “কেন আব্দিরহমানকে ছুরিকাঘাত করা হল তার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।”