২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে বিক্ষোভকারীর জানাজায় বোমায় নিহত ১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত এক ব্যক্তির জানাজায় বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jun 2017, 06:17 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

পুরনো খবর:

কাবুল হামলা: রাজধানীর বিক্ষোভে গুলিতে নিহত ৫

কাবুলে বিদেশি সাহায্যে পরিচালিত ‘ইমার্জেন্সি হসপিটাল’ এর বরাত দিয়ে রয়টার্স জানায়, শনিবারের ওই বিস্ফোরণে আহত আরও ১৬ জনকে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যদিও আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছয় জন নিহত এবং ৮৭ জন আহত হওয়ার কথা বলা হয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল টোলো নিউজ ১৮ জন নিহত হওয়ার খবর দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, তিন আত্মঘাতী হামলাকারী জানাজায় অংশ নিতে আসা ভিড়ের মধ্যে বোমার বিস্ফোরণ ঘটায়।

গত বুধবার কাবুলে প্রেসিডেন্ট ভবনের কাছে দূতাবাস এলাকায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে ৯০ জন নিহত হয়। আহত হয় প্রায় সাড়ে চার শতাধিক মানুষ।

ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার এক হাজারের বেশি বিক্ষোভকারী প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

পুলিশ তাদের আটকাতে কাঁদুনে গ্যাসের শেল ও জলকামানের পাশপাশি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোঁড়ে।

গুলিতে পাঁচ জন নিহত হয়, যাদের মধ্যে দেশটির এক পার্লামেন্ট সদস্যের ছেলেও রয়েছে।

শনিবার পার্লামেন্ট সদস্যের ছেলের দাফনেই ওই হামলা হয়।

আফগান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ ওই জানাজায় উপস্থিত ছিলেন। তবে হামলায় তার কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।

হামলায় আহত মোহাম্মদ আজিম রয়টার্সকে বলেন, “চারিদিকে বিস্ফোরণের শব্দ পাচ্ছিলাম। আমার হাতে ও মুখমণ্ডলে আগুন ধরে গিয়েছিল।”

হামলার পর এক টুইটে দেশবাসীকে একজোট থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ঘানি।

তিনি বলেন, “দেশ আক্রান্ত হয়েছে। এ সময়ে আমাদের অবশ্যই দৃঢ় এবং একত্রিত থাকতে হবে।”