কাবুল হামলা: রাজধানীর বিক্ষোভে গুলিতে নিহত ৫
আফগানিস্তানে রক্তক্ষয়ী গাড়িবোমা বিস্ফোরণের পর সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী কাবুলে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কাবুলের প্রেসিডেন্ট বাসভবনের কাছে বিদেশি দূতাবাস এলাকায় বুধবার শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়, আহত হয় আরও প্রায় সাড়ে চার শতাধিক মানুষ।
ওইদিনের বিস্ফোরণস্থলের কাছেই শুক্রবার সরকার ও তালেবান বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করে জনতা। তাদের হাতে বিস্ফোরণে হতাহতদের ছবি ধরা ছিল। তারা এজন্য ঘানি ও দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহকে দায়ি করে স্লোগান দেয়।
এক হাজারের বেশি বিক্ষোভকারী প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাদের দাবিতে বিক্ষোভ মিছিল করে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হতে শুরু করে। তাদেরকে বাধা দিতে পুলিশ কাঁদানে গ্যাস এবং জলকামানও ছোড়ে।
নিহত বিক্ষোভকারীদের মধ্যে এক বিশিষ্ট রাজনীতিবিদের ছেলে আছে বলে খবর পাওয়ার কথা জানিয়েছে বিবিসি। অন্যান্য কয়েকটি খবরে নিহতের সংখ্যা ৭ উল্লেখ করা হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।
কাবুলে বুধবারের হামলাটি কয়েক বছরের মধ্যে অন্যতম প্রাণঘাতী হমলা। কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। আফগান গোয়েন্দা কর্মকর্তারা হামলার জন্য তালেবান সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছে।
সেইসঙ্গে পাকিস্তান থেকে হামলার পেছনে সমর্থন থাকারও অভিযোগ করা হয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে। তালেবান এ হামলায় তাদের হাত থাকার কথা অস্বীকার করেছে। ইসলামিক স্টেটও (আইএস) হামলার ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
কাবুলের কূটনৈতিক এলাকায় বিস্ফোরিত ওই শক্তিশালী বোমাটি একটি আবর্জনার ট্রাকে লুকানো ছিল বলে জানায় পুলিশ।
রাজধানী কাবুলে সম্প্রতি কয়েকমাসে দফায় দফায় বোমা হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের বেশিরভাগই জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য সরকারকে দোষারোপ করেছে।
