২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মজার স্মৃতির পাতায় জন এফ কেনেডি

মৃত্যু মানুষটিকে অজানা লোকে নিয়ে গেছে বহু বছর আগে, কিন্তু এখনও অনেকের কাছেই তিনি স্মৃতিতে অম্লান, এমনকি অনুসরণীয় আদর্শও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 09:54 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

তিনি ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মনে রাখা প্রেসিডেন্টদের তালিকায় ওপরের দিকেই তার স্থান।

বেঁচে থাকলে ২৯ মে তেই তিনি পা দিতেন ১শ’ বছরে, কেনেডির একশ’ তম জন্মবার্ষিকীতে এক ভিডিও বার্তায় তার স্মৃতিচারণ করতে গিয়ে কথাটি বলেছেন তার মেয়ে ও নাতিনাতনীরা।

আর বাবাকে যে এতগুলো বছরে এক মুহূর্তও ভুলে থাকতে পারেননি সেকথা স্পষ্টই ফুটে উঠেছে মেয়ে ক্যারোলাইন কেনেডির কথায়- “আমি তার কথা চিন্তা করি। আমার জীবনের প্রতিটি মুহূর্তেই তাকে মিস করি।”

শুধু তাই নয় পুরোনো স্মৃতি হাতড়ে বাবার সঙ্গেকার ছোটখাট অনেক কথাই জানিয়েছেন ক্যারোলাইন। সেই ছোট্ট মেয়েটি থাকতে হোয়াইট হাউসের ওভাল অফিসের ডেস্কের নিচে লুকিয়ে থাকার মতো দুষ্টামি কিংবা বাবার সঙ্গে নৌভ্রমণে যাওয়ার মত নানা সুখস্মৃতি তার পায়ে পায়ে জড়িয়ে আছে আজও।

ক্যারোলাইন বলে চলেন, বাবা একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন। সব মানুষ তাকে মনে রাখার কারণেই বাবাকে ছাড়া তার বেড়ে ওঠা সহজ হয়েছে বলে তার বিশ্বাস। সিএনএন কে ক্যারোলাইন বলেন, “তিনি (কেনেডি) সবার জীবনেরই অংশ ‍ছিলেন।” অন্যদের কথা থেকে এমনটিই বোধ হয়েছে তার।

ক্যারোলাইনা বলেন, “১শ’ বছর অনেক দীর্ঘ সময়। কিন্তু তার কীর্তি আজও বেঁচে আছে। প্রেসিডেন্ট কেনেডি একটি প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন যে প্রজন্ম আমেরিকার রূপান্তর ঘটিয়েছে।” মানবাধিকার, স্বাস্থ্যসেবা এবং অভিবাসনের মত বিষয়গুলোতে বাবার অবদানের প্রসঙ্গ টেনে ক্যারোলাইন বলেন, “তার রেখে যাওয়া এ কাজগুলোর ভার এখন পরবর্তী প্রজন্মের ওপর অর্পন করা প্রয়োজন।”

কেনেডি উদ্বোধনী ভাষণে যে কথাগুলো বলতেন সেই স্মৃতি হাতড়ে মেয়ের উক্তি, “বাবা বলতেন তার জীবদ্দশায় কাজ শেষ হবে না। আমাদেরকেই এ কাজের ভার অন্যদের হাতে তুলে দেওয়ার কাজ করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এ ধারা বহমান রাখতে হবে।”

কেনেডি অনেকের কাছেই ছিলেন বহু গুণের অধিকারী। ক্যারিশম্যাটিক নেতা বলতে যা বোঝায় ঠিক তেমনটি। বেঁচে থাকতে যতটা জনপ্রিয় ছিলেন, মৃত্যুর পরও ততটাই শ্রদ্ধার পাত্র তিনি।

ক্ষুদ্র পরিসরের জীবনে তার অর্জন নিয়ে তিনি বেঁচে আছেন এবং থাকবেন সময়ের ধারায়। জনসম্পৃক্ততা, নাগরিক অধিকার, শান্তি ও কূটনীতি, শিল্প-সংস্কৃতি এবং বিজ্ঞান ও উদ্ভাবনে তার অবদান আছে।

১৯৬১ সালে  যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের  নানা রকম সাহায্য-সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে কেনেডি প্রতিষ্ঠা করেছিলেন স্বেচ্ছাসেবী কর্মসূচি ‘পিস কোর’। যার গুরুত্ব এখনও ফুরিয়ে যায়নি। আফ্রিকান আমেরিকানদের আইনগত অধিকারের পক্ষে কেনেডি ছিলেন সোচ্চার। তাদের পূর্ণ নাগরিক অধিকার দিয়ে কেনেডির তৈরি করা একটি বিলই পরে নাগরিক অধিকার আইন হিসাবে অনুমোদন পায়।

মৃত্যুর অল্প ক’দিন আগেই কেনেডি সীমিতাকারে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধে একটি চুক্তি করেন যুক্তরাজ্য ও রাশিয়ার সঙ্গে। এরই ভিত্তিতে পরে জাতিসংঘ সাধারণ পরিষদ পারমাণবিক পরীক্ষা বন্ধের উদ্যোগ নেয়। একজন নেতা হিসেবে মার্কিন শিল্প সংস্কৃতিতে কেনেডির ভূমিকা ও অবদান আজও অতুলনীয়। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের ধারক হিসাবে পরিচিত কেনেডি সেন্টার শিল্পকর্মে তার অবদানের কথা স্মরণ করিয়ে দেয়।

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র মহাকাশ যুদ্ধে লিপ্ত থাকার সময় ১৯৬১ সালে কেনেডি এক দশকের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর উচ্চাভিলাষী স্বপ্ন রাখেন জাতির সামনে। পরে ৫ মে, ১৯৬১ সালে এলেন শেপার্ড প্রথম মার্কিনী হিসেবে মহাশূন্যে ভ্রমণ করেন।

কিন্তু কেনেডির বিচরণ কেবল এ কয়টি ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। বিচিত্র জীবন আর নানামুখী কর্মকান্ডের কারণে তিনি পেয়েছেন একজন কিংবদন্তীর সম্মান।

ভিডিও বার্তায় ক্যারোলাইন কেনেডির সঙ্গে কথা বলেন তার তিন সন্তানও। তারা তাদের পিতামহ কে না দেখলেও বলেছেন, তার দুরদৃষ্টি থেকে অনেক কিছু শেখার আছে বটে। কেনেডির সমতার ধারণা, তার সাহস, মার্কিন সমাজে অবিচারকে তুলে ধরা, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ডাক এসবও তাদের কাছে অনেক অনুপ্রেরণাদায়ক।

তাদের মতে, আমেরিকার সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজও আছে মারাত্মক অসমতা, অবিচার। ভোটের অধিকার থেকে অপরাধী বিচার ব্যবস্থা পর্যন্ত এ সমস্যা বিরাজমান। তবে সেই ৬০ এর দশক থেকে এসব ক্ষেত্রে সমাজ যতটা এগিয়েছে তা গর্ব করার মত। কিন্তু কেনেডি থাকলে তিনিই প্রথম সবাইকে একথা বলতেন যে, এপথে আরও বহুদূর অগ্রসর হতে হবে।

আজকের দিনের অনেক জটিল সমস্যার সমাধানও কেনেডিই করতে পারতেন, এমন দৃঢ় প্রত্যয় জানিয়েছেন তার নাতি জ্যাক কেনেডি। বলেছেন, “আজকের প্রজন্ম জলবায়ু পরিবর্তনের মত জটিল সমস্যা নিয়ে এগুচ্ছে, যার সামাধান এখনও হয়নি। কেনেডি থাকলে জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যমী হতেন, আর হয়ত এর সমাধানও করে দিতেন।”