আপাতত জেরুজালেমে সরছে না ইসরায়েলের মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস আপাতত জেরুজালেমে সরাচ্ছেন না।
বৃহস্পতিবার একটি আদেশ সই করে তিনি আপাতত দূতাবাস ইসরায়েলের তেল আবিবেই রাখার সিদ্ধান্ত জানান।
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিতে চান বলে জানিয়েছিলেন।
কিন্তু এখন সেকাজে দেরী করার ব্যাপারে হোয়াইট হাউজ বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার কথা রাখবেন ঠিকই। তবে তার আগে তিনি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তি হওয়ার একটি পূর্ণ সুযোগ দিতে চান।
ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রিক সমাধানের পথে হুমকিস্বরূপ হবে বলে ফিলিস্তিনের নেতারা এরই মধ্যে সতর্ক করেছেন।
