রানওয়ে থেকে ছিটকে গেল ইন্দোনেশীয় উড়োজাহাজ
অবতরণের পর ১৪৬ জন যাত্রী নিয়ে ইন্দোনেশীয় একটি উড়োজাহাজ ভেজা রানওয়ে থেকে ছিটকে পড়েছে।
বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলের মানোকওয়ারি শহরের বিমানবন্দরে এ ঘটনা ঘটে, জানিয়েছেন ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে আদ্রাভিদা বারাতা, খবর এনডিটিভির।
ছিটকে পড়া ওই বোয়িং বিমানটি শ্রীবিজয়া এয়ারের অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে নিয়োজিত। এ ঘটনায় কেউ আঘাত পায়নি বলে জানিয়েছেন বারাতা।
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রানওয়ের পাশে ঘাসের মধ্যে পড়ে থাকা উড়োজাহাজটি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
উড়োজাহাজটি সরিয়ে নিতে বিমানবন্দরের কার্যক্রম বেশ কয়েক ঘন্টা বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন বারাতা।
ইন্দোনেশিয়ার বিমান পরিবহন সেক্টরে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
ফেব্রুয়ারিতে শ্রীবিজয়ার একটি উড়োজাহাজ চীন থেকে ১৯২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর উড়োজাহাজটির একটি দরজা ঠিকমতো লাগানো হয়নি বলে বুঝতে পারেন ক্রু-রা, এতে বিমানটি বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়।
ওই একই মাসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা গারুদার একটি যাত্রাবাহী উড়োজাহাজ প্রবল বৃষ্টির মধ্যে ইয়োগিয়াকার্তা শহরের বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।
ইন্দোনেশিয়ার ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি বিশাল এই দ্বীপবহুল দেশটির বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য বিমান পরিবহনের দিকে ঝুঁকছে। যাত্রীর সংখ্যা যে হারে বাড়ছে সেই হারে বিমান পরিবহনে নিরাপত্তার মান বৃদ্ধি পায়নি বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
